ঘূর্ণিঝড় রেমাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৬:১০ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ১৬:৪৯ পিএম
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাপার আয়োজনে সংবাদ সম্মেলন। প্রবা ফটো
দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় কমিটির সদস্য গওহর নঈম ওয়ারা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মিঠাপানির জলাশয় থেকে দ্রুত লবণাক্ত পানি অপসারণ করতে হবে। না হলে এটি বড় ধরনের প্রভাব ফেলবে। রেমাল কোনো মারাত্মক সাইক্লোন (ঘূর্ণিঝড়) ছিল না। কিন্তু এটি উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বাঁধ সংলগ্ন নিচু এলাকা উপচে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করেছে।
শনিবার (১ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাপার আয়োজনে ‘ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী খাদ্য নিরাপত্তা : আশু করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। আরও বক্তব্য দেন দুর্যোগ বিশেষজ্ঞ ও বাপার জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সদস্য রফিকুল আলম, বাপার যুগ্ম সম্পাদক ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার, বাপার সহসভাপতি শহিদুল হক খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রসুল।
গওহর নঈম বলেন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন, ২৭ হাজার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অচল হয়ে যায়। আমরা দেখেছি, এর আগে বাংলাদেশে আঘাত হানা বেশিরভাগ ঘূর্ণিঝড় দুই-ছয় ঘণ্টার মধ্যে বাংলাদেশ অতিক্রম করেছে। এবার দীর্ঘ সময় ধরে এক ঝড় থাকার ফলে ঝড়ের সঙ্গে পানি ঢুকছে। ঘূর্ণিঝড় অনেকক্ষণ অবস্থান করলে দুটা জোয়ার ধরে ফেলবে সেটা না বুঝতে পারা এবং সেই অনুযায়ী সতর্কবার্তা দিতে না পারাটা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার জন্মগত ত্রুটি।
তিনি আরও বলেন, শত-শত গ্রামে চিংড়ির ঘেরসহ ফসলি জমিতে নোনা পানি প্রবেশ করেছে। বরিশাল অঞ্চলে কমপক্ষে ৪০০ জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। খুলনা অঞ্চলের তিন জেলায় ৬১ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু এলাকায় লোকালয়ে নোনা পানি প্রবেশ করেছে। নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণ পানি ঢুকে মিঠাপানির আধারগুলো নষ্ট করে দিয়েছে। সামনের আমন মৌসুম ধরতে হলে মাঠ ও জলাশয় থেকে দ্রুত লবণপানি বের করতে হবে।