প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪ ১২:২৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ১৩:০৫ পিএম
ঢাকা ওয়াসা ভবন। ছবি : সংগৃহীত
আবাসিক গ্রাহকদের জন্য আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। এতে প্রতি ১ হাজার লিটার পানির দাম ১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য এ পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা আগে ছিল ৪২ টাকা। তবে অভিযোগ উঠেছে, পানির দাম বাড়ানোর বিষয়ে বোর্ড সভায় কোনো আলোচনা হয়নি। আলোচনা ছাড়াই ১০ শতাংশ বাড়ানো হয়েছে পানির দাম।
বুধবার (২৯ মে) ওয়াসা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
তবে আইন অনুযায়ী ৫ শতাংশ পানির দাম বাড়ানোর এখতিয়ার আছে ঢাকা ওয়াসার। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য দ্বীপ আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইন অনুযায়ী মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ওয়াসা প্রতিবছর পানির দাম ৫ শতাংশ বাড়াতে পারে। এর বেশি দাম বাড়ালে বোর্ডে পাস করতে হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানির দাম বাড়ানোর বিষয়ে বোর্ড সভায় কোনো আলোচনা হয়নি। শেষ বোর্ড মিটিংয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে কথা হয়েছিল।’
এর আগে ২০২২ সালে পানির দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিল ঢাকা ওয়াসা। কিন্তু উচ্চ আদালতে করা এক রিটের কারণে তখন পানির দাম বাড়াতে পারেনি সংস্থাটি।
তারও আগে, ২০১৮ ও ২০১৯ সালে প্রতিবছর ৫ শতাংশ হারে বৃদ্ধি করা হয় পানি ও পয়ঃ সেবার বিল। ২০১৭ সালে ঢাকা ওয়াসা আবাসিক পর্যায়ে পানির দাম ১০ টাকা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ১০ দশমিক ৫ টাকা এবং বাণিজ্যিক সংযোগে ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৬ টাকা করে।
পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২২ নম্বর ধারার ১ নম্বর উপধারায় বলা আছে, ‘কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবার জন্য আরোপিত অভিকর বা চার্জ প্রত্যেক বছরে একবার সংশোধন করা যাবে।’
একই ধারার ২ নম্বর উপ ধারায় বলা আছে, ‘উপ-ধারা-১ এ যা কিছুই থাকুক না কেন, মূল্যস্ফীতির কারণে পরিচালনা ব্যয় বৃদ্ধি পেলে অতিরিক্ত ব্যয় বহনের প্রয়োজনে কর্তৃপক্ষ, বোর্ডের অনুমোদনক্রমে, উক্ত অভিকর বা চার্জ প্রতি অর্থ বছরে একবার অনধিক পাঁচ শতাংশ পর্যন্ত সমন্বয় করতে পারবে।’
আজ বুধবার একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ওয়াসা জানায়, ‘ঢাকা ওয়াসার সম্মানিত গ্রাহকগণের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয় করার লক্ষ্যে পানির দাম বৃদ্ধি করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পানির দাম বাড়ানোর এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সব প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।