রাজশাহী অফিস
প্রকাশ : ২৬ মে ২০২৪ ২২:৩৯ পিএম
রাজশাহী নগরীর সাহেববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। প্রবা ফটো
ভোক্তার সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেছেন, ‘মধ্যস্বত্বভোগীরা দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের দৌরাত্ম্য কমানোর জন্যও কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোরবানিকে সামনে রেখে যারা মসলা মজুত রেখে বাজার অস্থিশীল করবে, তাদের বিরুদ্ধেও শক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রবিবার (২৬ মে) রাজশাহী নগরীর সাহেববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সামনের দিনগুলোতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ভোক্তার ডিজি বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত যেসব প্রতিষ্ঠান খাদ্যদ্রব্য উৎপাদন করছে, সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে। এ জন্য সারাদেশেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জোরদার করা হয়েছে।’
এর আগে বাজার মনিটরিংয়ের সময় অনুমোদনহীন খোলা সেমাই বিক্রির অভিযোগে বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানিদের ভেজাল পণ্য বিক্রির বিষয়ে সচেতন করা হয়।