× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অংশগ্রহণমূলক বাজেট নিশ্চিত করতে নাগরিক সমাজের জোরালো ভূমিকা একান্ত জরুরি: ডেপুটি স্পিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪ ২২:২৭ পিএম

রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে ‘আমাদের সংসদ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। প্রবা ফটো

রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে ‘আমাদের সংসদ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। প্রবা ফটো

প্রত্যেক অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ কতোটা দক্ষ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলো তার ওপর জনগণের জীবনমান ও তাদের অর্থনৈতিক বিকাশ নির্ভর করে। তাই জাতীয় বাজেট প্রক্রিয়ায় জনপ্রতিনিধিসহ সকল পর্যায়ের নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরি। আর বাজেটকে অংশগ্রহণমূলক করার কাজে নাগরিক সমাজকেই জোরালো ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। 

বুধবার (২২ মে) রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে ‘আমাদের সংসদ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংসদের বাজেট অধিবেশন চলাকালে সংসদ সদস্যসহ অন্যান্য অংশীজনদের জাতীয় বাজেট বিষয়ে তথ্য ও গবেষণা সহযোগিতা দেয়ার জন্য এই বিশেষ কার্যক্রম যৌথভাবে পরিচালনা করছে উন্নয়ন সমন্বয় এবং ব্যাংক এশিয়া পিএলসি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী ও রাশেদ খান মেনন ও হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম। ‘আমাদের সংসদ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং ব্যাংক এশিয়া পিএলসি-এর কর্মকর্তাবৃন্দ। উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে ‘আমাদের সংসদ’ কার্যক্রমের বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরেন সংস্থার গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড অব প্রোগ্রামস শাহীন উল আলম। 

ড. আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে নাগরিকদের আরও সংবেদনশীল করে তোলার ক্ষেত্রে এই উদ্যোগটি একটি নতুন মাত্রা যুক্ত করবে। তিনি বলেন, বাজেট প্রণয়নে সংসদ সদস্যরা তেমন কোন ভূমিকা নেই। বাজেটে ভূমিকা রাখতে পারে সিপিডি ব্যবসায়ী সংগঠন আর সিন্ডিকেটগুলো। বাজেটের উপর কতটুকু আলোচনা হয় তাও আমাদের জানতে হবে। 

রাশেদ খান মেনন বলেন, সাধারণ মানুষের ধারণা বাজেট দিচ্ছে মানে জিনিসপত্রের দাম বাড়ছে। আর গণমাধ্যম কোন জিনিসের দাম বাড়বে কোন জিনিসের দাম কমবে তা নিয়ে রিপোর্ট করে। কিন্তু বাজেট নিয়ে গঠনমূলক আলোচনা কেউ করে না। এমনকি সংসদীয় কমিটিগুলো বাজেট নিয়ে কোন আলোচনা করেনা। শুধু অর্থ মন্ত্রণালয় জানে আর প্রধানমন্ত্রী জানে। বাজেট নিয়ে ফোকাস কোথাও হওয়া উচিত সেটা আমাদের করতে হবে। 

সানজিদা খানম বলেন, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে নাগরিকদের আরও সংবেদনশীল করে তোলার ক্ষেত্রে এই উদ্যোগটি একটি নতুনমাত্রা যুক্ত করবে।

ড. আতিউর রহমান বলেন, অর্থনীতিতে বিরাজমান অস্থিরতার মধ্যে অহেতুক আতঙ্ক না ছড়িয়ে বাজেট বিষয়ে সকল অংশীজনকে নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণ সরবরাহ করার লক্ষ্য নিয়ে ‘আমাদের সংসদ’ কার্যক্রম এগিয়ে যাবে।

আব্দুল্লাহ নাদভী বলেন, অংশগ্রহণমূলক বাজেট বিষয়ে উন্নয়ন সমন্বয়ের তিন দশকের ধারাবাহিক কর্মকাণ্ডে সর্বশেষ সংযোজন- ‘আমাদের সংসদ’। এই কার্যক্রমের আওতায় হটলাইনের মাধ্যমে অংশীজনদের বাজেট বিষয়ক তথ্য ও বিশ্লেষণ সরবরাহ, পূর্ণাঙ্গ বাজেটের পর্যালোচনা ও খাতভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ নিয়ে বুকলেট প্রকাশ, উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে হেল্পডেস্ক স্থাপন, গণমাধ্যম ও তরুণ নাগরিকদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে বাজেট পর্যালোচনা সংলাপের আয়োজন করা হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা