প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ২১:৪৪ পিএম
ফাইল ফটো
নতুন করে পরিবেশবান্ধব সবুজ সনদ পেয়েছে আরও দুটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। এতে দেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে ২১৭টিতে দাঁড়াল। সনদ পাওয়া কারখানা দুটি হচ্ছে গাজীপুরের এমটি সোয়েটার্স ও উত্তরখানের কেসি বটম অ্যান্ড শার্টওয়্যার কোম্পানি।
তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল রবিবার (১২ মে) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছর এখন পর্যন্ত ১১টি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে।
কারখানা দুটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এই সনদ পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে কয়েকটি শর্ত পালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়। এমটি সোয়েটার্স ও কেসি বটম অ্যান্ড শার্টওয়্যার কোম্পানি উভয়েই লিড প্লাটিনাম সনদ পেয়েছে। তাদের অর্জিত নম্বর যথাক্রমে ৮২ ও ৮১। অর্থাৎ প্রতিষ্ঠান দুটি সবচেয়ে মর্যাদাশীল সনদ লাভ করেছে।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো ইউএসজিবিসি। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম ‘লিড’। লিডের পূর্ণাঙ্গ রূপ হলো লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।
বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি পরিবেশবান্ধব কারখানার ৯টিই বাংলাদেশে। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি লাভ করেছে গাজীপুরের কোনাবাড়ীর এসএম সোর্সিং। দেশের অন্য শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানাগুলো হচ্ছেÑ ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।
বিজিএমইএর তথ্যানুযায়ী, পরিবেশবান্ধব ২১৭ কারখানার মধ্যে লিড প্লাটিনাম ৮৩টি, লিড গোল্ড ১২০, লিড সিলভার ১০ ও সার্টিফায়েড সনদ পেয়েছে ৪টি। অর্থাৎ ৩৮ দশমিক ২ শতাংশ কারখানাই লিড প্লাটিনাম সনদ পেয়েছে।