প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৯:৫২ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ২০:০৬ পিএম
ফাইল ফটো
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার (১১ মে) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৩২ টাকা বাড়ানো হয়েছে। এখন ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা, যা এর আগে ছিল ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার (১২ মে) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৯ হাজার ৩৩৯ টাকা।
তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।