প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১৭:৩২ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১৭:৩২ পিএম
শনিবার রাজধানীর একটি হোটেলে মেইড বাংলাদেশ উইক বিষয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। ছবি : প্রবা
ক্রেতা হারানোর ভয়ে অনেকেই কম দামে ক্রয়াদেশ নিচ্ছেন। এতে পোশাক শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়বে বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন- বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তাই তিনি উদ্যেক্তাদের অনুরোধ করে বলেছেন, ‘ন্যায্য দামে পোশাকের ক্রয়াদেশ গ্রহণ করুন।’
শনিবার রাজধানীর একটি হোটেলে মেইড বাংলাদেশ উইক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফারুক হাসান বলেন, ‘সপ্তাহব্যাপী এ আয়োজনে ৭০০ এর অধিক বিদেশি দর্শনার্থী আসবেন। এতে ডলার আয়ের সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও এ আয়োজনে বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান স্পনসর করেছে। যা ডলার আয়ে বেশ সহায়ক হবে।’
তিনি আরো বলেন, ‘বিশ্ব বাজারে দেশের তৈরি পোশাক শিল্পকে আরো বেশি সমৃদ্ধ করে তুলতে এ আয়োজন বেশ সহায়ক ভূমিকা পালন করবে। বিদেশি ক্রেতারা সপ্তাহব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সক্ষমতা বিষয়ে জানতে পারবেন।’
মেইড ইন বাংলাদেশ উইকের মাধ্যমে কিছুটা রিজার্ভ বাড়বে বলেও জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
উল্লেখ্য, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে মেইড ইন বাংলাদেশ উইক। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজনের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।