প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৮:৪২ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪ ১৯:৫৪ পিএম
ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। প্রবা ফটো
ন্যাশনাল ব্যাংক দখল হওয়ার যে গুঞ্জন চলছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন ব্যাংকটির নবগঠিত পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান। সোমবার (৬ মে) ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় নতুন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রবিবার (৫ মে) বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার ব্যাংকের অধিকাংশ পরিচালক পদত্যাগ করায় নতুন পর্ষদ গঠন করতে হয়েছে। এর ফলে মাত্র সাড়ে চার মাসের মাথায় ব্যাংকটির পর্ষদ পরিবর্তন হলো। এর আগে গত ২১ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
তখন সিকদার পরিবারের একজন সদস্য পারভীন হক সিকদারকে রেখে বাকিদের বাদ দেওয়া হয়েছিল। চেয়ারম্যান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ফারহাত ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে, যিনি মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছিলেন। অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিবাদে জড়িয়ে পদত্যাগে বাধ্য হয়েছেন ব্যাংকটির অধিকাংশ পরিচালক। এরপর নতুন পর্ষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
সংবাদ সম্মেলনে মার্জার (একীভূত) থেকে সরে আসার কথা জানিয়েছে ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। কোনো ব্যাংকের সঙ্গে একীভূত না হয়ে বরং নিজেরাই সবল হতে চায় বলে জানায় পর্ষদ সদস্যরা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন পরিচালনা পর্ষদ ন্যাশনাল ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পর্ষদকে নিয়ে ব্যাংকিং সুশাসন নিশ্চিতকরণ ও গ্রাহকের আস্থা অর্জনে নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে। এ ছাড়াও বিভিন্ন সূচকে উন্নয়ন নিশ্চিত করে ন্যাশনাল ব্যাংকের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনবে।
নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, আমরা ব্যবসায়ীদের প্রয়োজন বুঝি। ফলে ব্যবসায়ীদের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ও তাদের পাশে থেকে ন্যাশনাল ব্যাংককে একটি ব্যবসায়ীবান্ধব ব্যাংক হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে ও তার হারানো এতিহ্য ফিরে পাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। ন্যাশনাল ব্যাংকের এ অগ্রযাত্রায় আমরা সাংবাদিকদের পাশে চাই।