প্রবা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১৭:১৮ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২২ ১৮:১২ পিএম
ছবি : সংগৃহীত
স্ট্রিমিং ব্যবসা বাড়লেও এখনও লোকসানের পথেই রয়েছে মিডিয়া জায়ান্ট ডিজনি। তবে ২০২৪ সাল নাগাদ স্ট্রিমিং ব্যবসা লাভজনক হয়ে উঠবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব চ্যাপেক। বছরের তৃতীয় প্রান্তিকে ডিজনি প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে ১২০ লাখের বেশি নতুন গ্রাহক। তবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকেই প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার হারিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরেই ডিজনি স্ট্রিমিং প্ল্যাটফর্মে শতকোটি ডলার বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি টেলিভিশন ও চলচ্চিত্রের বিভিন্ন শাখায় নিজেদের অন্যতম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বর্তমানে ডিজনির তিনটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পোর্টসভিত্তিক প্ল্যাটফর্ম ইএসপিএন প্লাস, বিনোদন সাইট হুলু এবং ডিজনি প্লাসজুড়ে ২৩ কোটি ৫০ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
স্ট্রিমিং ব্যবসার ফলাফল নিয়ে সম্মেলনে আলোচনায় বব চ্যাপেক বলেন, আমরা এখনও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের লক্ষ্মণ দেখছি না। তবে অল্প সময়ের মধ্যেই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হতে পারব।
এদিকে ডিজনিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সাবক্রিপশন ফি ও বিজ্ঞাপনসহ নতুন সংস্করণ চালু করা হয়েছে। ডিজনির পক্ষ থেকে বলা হচ্ছে, সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ৯ শতাংশ। চলতি অর্থবছরে মোট আয়ের পরিমাণ দাঁড়াবে ২৩ শতাংশে। গত বছর যেখানে ১৫ কোটি ৯০ লাখ ডলার লাভ ছিল; চলতি বছরে তা দাঁড়াবে ১৬ কোটি ২০ লাখ ডলারে। তবে টেলিকম, মিডিয়া এবং টেকনোলজি বিশ্লেষণী প্রতিষ্ঠান পিপি ফোরসাইটের বিশ্লেষক পাওলো পেসকাটোর বলছেন, বর্তমান লাভ হতাশাজনক হলেও সুন্দর আগামীর দিকে এগিয়ে যাচ্ছে ডিজনি। নিজেদের লক্ষ্যে পৌঁছতে যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত তারা।