নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৮:৩৭ পিএম
ফাইল ছবি
মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ও টাইলস তৈরিতে কারচুপির অভিযোগে হুয়া থাই টাইলসকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার গাজীপুর জেলার হোতাপাড়া থানা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনার সময় সংস্থাটি এ জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযান পরিচালনাকালে হুয়া থাই টাইলসে অভিনব প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির টাইলস তৈরির জন্য বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ শেষ হয় গত ৩০ জুন। পূর্বেকার লাইসেন্স অনুযায়ী ৩ পরিমাপের টাইলস তৈরির বিধান থাকলেও প্রতিষ্ঠানটি ৫ পরিমাপের টাইলস তৈরি করছে এবং প্রতিটি টাইলসে পরিমাপে কারচুপি করছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং কেন প্রতিষ্ঠানটির এমডি অথবা প্রোপ্রাইটরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে আগামীকাল মঙ্গলবার অফিসে তলব করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
প্রবা/এনএস