প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ২২:৩৭ পিএম
এফবিসিসিআইইয়ের সঙ্গে ঘানার ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক। প্রবা ফটো
অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা, বাণিজ্য এবং নিজেদের অর্থনীতিকে আরও সুদৃঢ় ও মজবুত করতে চায় ঘানা এবং বাংলাদেশের ব্যবসায়ীরা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে এ দেশের ব্যবসায়ীদের সাথে কাজ করতে আগ্রহী আফ্রিকার এই দেশটি। মঙ্গলবার (১৯ মার্চ) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, ঘানাসহ আফ্রিকার দেশ সমূহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এছাড়া তাদের বিশাল ভূখণ্ড রয়েছে। অন্যদিকে বাংলাদেশের রয়েছে বিপুল জনসম্পদ। অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা সেখানে তুলাসহ কৃষি পণ্য উৎপাদন করতে পারি।
বাংলাদেশের বস্ত্র, ঔষধ, চামড়া, পাট, সিরামিকসহ ভোগ্যপণ্যের উৎপাদন সক্ষমতার চিত্র তুলে ধরে আমিন হেলালী বলেন, গুণগত দিক থেকে বাংলাদেশে উৎপাদিত পণ্য বিশ্ব মানের। বাংলাদেশে সম্ভাবনাময় খাতে বিনিয়োগ আফ্রিকান ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এ দেশের ব্যবসায়ীদের সঙ্গে বিটুবি সভা এবং সম্পর্ক জোরদারে এফবিসিসিআই সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।
এ সময় প্রতিনিধি দলের প্রধান এবং ঘানা জেইটি প্রোগ্রামের প্রধান ইউজেন টি স্যানমর্তে বলেন, ঘানা বিনিয়োগের জন্য অন্যতম প্রধান একটি গন্তব্য। পণ্য উৎপাদন, বাণিজ্য ও বিনিয়োগের জন্য আমাদের দরজা সব সময় খোলা। এই বৈঠক অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ও ঘানার অংশীদারিত্বকে গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন, সৈয়দ মো. বখতিয়ার, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।