× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকের এমডি হতে লাগবে ২০ বছরের অভিজ্ঞতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০২ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫০ পিএম

বাংলাদেশ ব্যাংক। প্রবা ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক। প্রবা ফাইল ছবি

বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পরিষদ গঠনের নীতিমালার পর এবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ন্যূনতম বয়স ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে। আর কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের এ নীতিমালা প্রকাশ করেছে। 

এতে বলা হয়েছে, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একজন উপযুক্ত, পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ হওয়া আবশ্যক। ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি ব্যবসায়িক ও প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় অধিকতর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে, ব্যাংকের এমডি নিয়োগের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারির আবশ্যকতা দেখা দিয়েছে।

সার্কুলারে একজন এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তার আর্থিক স্বচ্ছতা ও সততা সম্পর্কে বলা হয়েছে, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের জন্য খেলাপি নন। তিনি পাওনাদারের প্রাপ্য পরিশোধ বন্ধ করেননি কিংবা পাওনাদারের সঙ্গে আপসরফার মাধ্যমে পাওনা আদায় হতে অব্যাহতি লাভ করেননি। তিনি কর খেলাপি নন। তিনি কোনো সময় আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হননি। ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে স্বীয় পেশায় দায়িত্ব পালনকালে কোনোরূপ অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

এমডি হিসেবে নিয়োগ পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর শিক্ষা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষা অধিক গুরুত্ব পাবে এমডি নিয়োগে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকতে পারবে না জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গ্রেডিং পদ্ধতিতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৩.০০ এর কম এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে ৪.০০ পয়েন্ট স্কেলে ২.৫০ এর কম ও ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ এর কম হলে তা গ্রহণযোগ্য হবে না।

নীতিমালা থেকে জানা গেছে, ব্যাংকের পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বা পরিবারের সদস্য বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে পারবেন না। এমডি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া সব ধরনের সুবিধার বর্ণনা চুক্তিপত্রে উল্লেখ রাখতে নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতি মাসে বেতনের সময় তার বিস্তারিত বিবরণও সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তার কমপক্ষে ২০  বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যাহতি পূর্ববর্তী পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে ৪৫ বছর এবং কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর অতিক্রান্ত হলে তিনি কোনো ব্যাংক-কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।

এর আগে শুধু ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকলে ব্যাংকপ্রধানের এ পদে নিয়োগ পাওয়ার সুযোগ ছিল। আর ন্যূনতম বয়সের কোনো বাধ্যবাধকতা ছিল না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা