প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৮:২৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৮:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
রপ্তানির তুলনায় আমদানি বেশি এবং বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। ২০২২-২৩ অর্থবছর প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৫৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৪ টাকা দরে যার পরিমাণ প্রায় ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। একই সময় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতি দাঁড়িয়েছে ৩৬১ কোটি ডলার।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে এসব তথ্য উঠে এসেছে।
ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে দেশে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হচ্ছে। আবার আশানুরূপ প্রবাসী আয়ও আসছে না। এতে করে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ১ হাজার ৯৩৪ কোটি ৮০ লাখ ডলারের পণ্য আমাদানি হয়েছে। তার বিপরীতে রপ্তানি হয়েছে ১ হাজার ১৮০ কোটি ডলারের পণ্য। এতে ৭৫৪ কোটি ৮০ লাখ ডলারের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।
এসময় সেবা খাতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। সেপ্টেম্বর মাস শেষে সেবা খাতে বাংলাদেশ আয় করেছে ২২৩ কোটি ২০ লাখ ডলার। অন্যদিকে সেবা খাতে ব্যয় হয়েছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এ খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১১০ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতি ছিল ৬০ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাস শেষে চলতি হিসাবের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬১ কোটি ডলার। গত অর্থবছরে একই সময়ে এ ঘাটতি ছিল ২৫৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের ৩ মাসে ঘাটতি বেড়েছে ১০৬ কোটি ৫০ লাখ ডলার।
সামগ্রিক লেনদেনেও (ওভার অল ব্যালান্স) ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। সেপ্টেম্বর শেষে সামগ্রিক লেনদেনের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৬০ লাখ ডলার। এই সূচকে গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ৮১ কোটি ডলারের ছিল।
তবে এই সময়ে সরাসরি বিদেশি বিনিয়োগে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসেছে ১১৫ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই বিনিয়োগের পরিমাণ ছিল ৯০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৫ কোটি ২০ লাখ ডলার বা ২১ দশমিক ৭৪ শতাংশ।