× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডায়মন্ড এগ ও সিপিকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২০:৫৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোয় ডায়মন্ড এগ ও সিপি বাংলাদেশকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। বুধবার (২৪ জানুয়ারি) এ সংক্রান্ত মামলার রায় প্রকাশ করা হয়। গতকাল সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।

এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরা‌ধ প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। তবে প্রতিষ্ঠান দুটি চাইলে আদেশের বিরুদ্ধে রিভিউ বা আপিল আবেদন করতে পারবে বলেও জানান তিনি।

এর আগে, ২০২২ সালে দেশের ১০টি পোল্ট্রি ফার্ম ও পোল্ট্রি সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ডিমের দাম বৃদ্ধিতে বাজারে কারসাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ডায়মন্ড এগ লিমিটেড ও সিপি বাংলাদেশ লিমিটেডের মামলার চূড়ান্ত আদেশ এলো।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, অনুসন্ধান প্রতিবেদনে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ডায়মন্ড এগ লিমিটেডসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারে ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে নির্ধারণ এবং বাজারে ডিমের সরবরাহ সীমিত বা নিয়ন্ত্রণ করে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

অনুসন্ধান প্রতিবেদনে কমিশন উল্লেখিত দুটি প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষ প্রতিষ্ঠান কমিশনের শুনানিতে অংশগ্রহণ করে এবং শুনানি শেষে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়।

অভিযোগের বিবরণে বলা হয়, উভয় পক্ষের শুনানির পর প্রমাণিত হয় যে অভিযুক্ত প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও ডায়মন্ড এগ লিমিটেড সমধর্মী অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে পরোক্ষভাবে ৫ আগস্ট ২০২২ থেকে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত তাদের উৎপাদিত ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। একই প্রক্রিয়ায় তাদের উৎপাদিত ডিমের সরবরাহ এবং বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে, যা ২০১২ সালের প্রতিযোগিতা আইনের আলোকে শাস্তিযোগ্য অপরাধ।

তদন্ত প্রতিবেদন ও আইনজীবীদের লিখিত ও মৌখিক যুক্তিতর্কের ভিত্তিতে প্রতিযোগিতা কমিশন উভয় প্রতিষ্ঠানকে জরিমানার আদেশ দেয় বলে রায়ের সারসংক্ষেপে বলা হয়েছে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা