প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৬:১০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৮:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের খরা কাটিয়ে উঠছে দেশের পুঁজিবাজার। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর লেনদেন হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা বেশি। এর আগে গত ১৩ অক্টোবর ডিএসইতে সবশেষ ১ হাজার ৪০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। তা ছাড়া মঙ্গলবারের তুলনায় ৫৫৯ কোটি টাকা বা ৬২ শতাংশ শেয়ার লেনদেন বেশি হয়েছে।
দিনের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হয়নি ১৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।
ডিএসইর লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। প্রতিষ্ঠানটির ১৯৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৬৩ কোটি ১৬ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা জেনিক্স ইনফোসিসের ৬১ কোটি ৬৩ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৫৩ কোটি ১ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বাড়ার শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪২ টাকা ৯০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ২৬ টাকা ৫০ পয়সায়। এ ছাড়া লুব-রেফ বাংলাদেশের ৯ দশমিক ৯৩ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালের ৯ দশমিক ৯২ শতাংশ ও জেনিক্স ইনফোসিসের ৯ দশমিক ৮৯ শতাংশ দর বেড়েছে।
ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড। এ কোম্পানির শেয়ারের দর ৫ দশমিক ১০ শতাংশ কমে সবশেষ ৩৫৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের দর ৫ দশমিক শূন্য ৬ শতাংশ কমে অবস্থান করছে ৩১৩ টাকা ২০ পয়সায়। এ ছাড়া হাক্কানি পাল্প ৪ দশমিক ৫০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজি ৪ দশমিক শূন্য ৪ শতাংশ এবং এপেক্স ফুডস ৩ দশমিক ৮৫ শতাংশ দর হারিয়েছে।
এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচকে বড় উত্থান হয়েছে। ডিএসএমই-এক্স ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১০ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২টির এবং কমেছে ১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর কার্যক্রম শেষ হয়েছে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮০৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪ কোটি ১৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা কম।
প্রবা/এসজি