দুদিনের উত্থানের পর শেয়ারবাজারে ফের বড় পতন
প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২২ ১৭:৪৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২২ ১৭:৫৫ পিএম
ফাইল ছবি
সোমবার-মঙ্গলবারের উত্থানের পর আবারও বড় ধরনের দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বুধবার লেনদেন শুরুর পর থেকে দর হারাতে থাকে প্রায় ৩০০ প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ড। মাঝে দুইবার নেতিবাচক ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করলেও, শেয়ার বিক্রির চাপে ঘুরে দাঁড়াতে পারেনি প্রতিষ্ঠানগুলো। ফলে দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮ পয়েন্টে।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র ১৭টির, কমেছে ৩৩৮ টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির। গতদিনের চেয়ে ৬০ কোটি টাকা লেনদেন কমে বুধবার লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকা।
মূল মার্কেটে বড় দরপতনেও বেশ স্থিতিশীল ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই মার্কেট। আজ এসএমই বোর্ডের প্রধান সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৬ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর হারিয়েছে ১১ টি। আর আগের দিনের চেয়ে সাড়ে ৬ কোটি টাকা কমে লেনদেন হয় ১২ কোটি টাকা।
এদিকে ডিএসইর ধারাবাহিকতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বড় দরপতন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭ হাজার ৮০১ পয়েন্ট। লেনদেন হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৭ টির, কমেছে ২১৯ টির এবং অপরিবর্তিত ছিলো ২০টির। সূচকের সাথে লেনদেন সাড়ে ৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৩ কোটি ৪৪ লাখে।