প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম
বাংলাদেশ ব্যাংক সংবাদ নামে একটি ভুয়া ম্যাগাজিন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন চেয়ে চিঠি দিয়েছে। প্রবা ফটো
বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম (লোগো) ব্যবহার করে ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ নামে একটি ম্যাগাজিন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন চেয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করায় এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। তাই ব্যাংক খাতের সব প্রতিষ্ঠানকে এই ভুয়া পত্রিকার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স থেকে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ শীর্ষক ম্যাগাজিনটি বাংলাদেশ ব্যাংকের কোনো পত্রিকা নয়। পত্রিকাটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনরকম সংশ্লিষ্টতা নেই। পত্রিকাটি অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করছে। এ পরিপ্রেক্ষিতে উক্ত পত্রিকার বিভ্রান্তিকর পত্র আমলে না নেয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।