প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৭:২২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম
রবিবার বনানীতে তাজওয়ার সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। প্রবা ফটো
ইউরোপের তৃতীয় বৃহত্তম সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কালে’ সিরামিকসের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে।
রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানীর তাজওয়ার সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। এসময় কালের তুরস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, তুরস্কের সবচেয়ে বড় সিরামিক টাইল প্রস্তুতকারক কালে সিরামিকস এখন থেকে বাংলাদেশে স্যানিটারিওয়্যারের পাশাপাশি বিশ্বের সবচেয়ে হালকা পোরসেলিন টাইলস কালেসিন্টারফ্লেক্স, ইতালীয় মার্বেল এবং রয়্যাল মার্বেল সিরিজসহ তাদের প্রিমিয়ার টাইলসগুলো সরবারহ করবে।
ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশে কালের এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করবে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি তুরস্কের কোম্পানিগুলো বাংলাদেশে ভালো ব্যবসা করায় সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, কালে সিরামিক বাংলাদেশের সিরামিক শিল্পে ঐতিহ্য, উদ্ভাবন এবং স্থায়িত্বের সমন্বয়ে শ্রেষ্ঠত্বের প্রতীক। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার ও বাড়ি-মালিকদের টাইলস ও স্যানিটারিওয়্যারের জগতে এক নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
অনুষ্ঠানে শান্তা লাইফস্টাইলের প্রধান নির্বাহী ও কালে’র লোকাল পার্টনার দেওয়ান সাজিদ আফজাল বলেন, বাংলাদেশে পোরসেলিন টাইলস ও স্যানিটারিওয়্যারের মার্কেটে কালেকে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। দেশের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে মিল রেখে আমরা পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী এবং উদ্ভাবনী পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে বরাবর নিবেদিতপ্রাণ। কালের ইপিডি সার্টিফিকেশন নিঃসন্দেহে স্থপতিদের ও নকশাকারদের জন্য যুগান্তকারী মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি সিরামিক টাইলস, স্যানিটারি ওয়্যার ও বাথরুম ফিটিংস ক্যাটাগরিতে সাড়ে চার হাজারেরও বেশি পণ্যের পাশাপাশি প্রতি বছর দুই শতাধিক নতুন পণ্য বাজারে আনে। ৮৬টি দেশে বিস্তৃত এই কোম্পানিটি বিশ্বের সিরামিক শিল্পে আস্থার এক অন্য নাম।