হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম
হিলিতে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। প্রবা ফটো
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজি প্রতি প্রকারভেদে কমেছে ২০ টাকা। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ ১২০ টাকায় এবং দেশি শুকনা পেঁয়াজ ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির হবে এমন সংবাদে দেশি পেঁয়াজের দাম কমেছে দাবি খুচরা ব্যবসায়ীদের। এদিকে কেজি প্রতি ১২০ টাকা বৃদ্ধি করে মাত্র ২০ টাকা কমানোতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা।
সোমবার (১১ ডিসেম্বার) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা তাহমিনা বেগম বলেন, ‘দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা সাধারণ মানুষকে নিয়ে তামাসা করছে। কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি করে মাত্র ২০ টাকা কমিয়েছে। সরকারের পক্ষ থেকে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হতো তাহলে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সাহস পেত না।’
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে এমন সংবাদে দেশের বিভিন্ন মোকামে কমেছে দেশি পেঁয়াজের দাম। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।’