প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৯:৫৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২২ ২০:০৮ পিএম
ছবি : সংগৃহীত
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে কৃষি ও পল্লী খাতে ৬ হাজার ৫৮৪ কোটি ৩৭ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংক; যা লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৩০ শতাংশ। ঋণ বিতরণের এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কোভিড মহামারি এবং সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কৃষির গুরুত্ব অধিকভাবে পরিলক্ষিত হচ্ছে। তাই কৃষি খাতে প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক সর্বদা সচেষ্ট রয়েছে। এ জন্য নতুন অর্থবছরে কৃষিঋণের পরিমাণ বাড়ানো হয়েছে। আর নতুন অর্থবছরে প্রথম দুই মাসে ঋণ বিতরণ অনেক ভালো। আগামীতে এ খাতে বিতরণ আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে কৃষিঋণ বিতরণ হয়েছে ১ হাজার ৬৬৪ কোটি টাকা। আর আগস্টে হয়েছে ২ হাজার ১৭৩ কোটি টাকা। এ ছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় মাসে কৃষিঋণ বিতরণ হয়েছে ৬ হাজার ৫৮৪ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে গত এক মাসে কৃষিঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ৭৪৭ কোটি টাকা। আর গত বছরের প্রথম তিন মাসে কৃষি ও পল্লী ঋণ বিতরণ হয়েছিল ৫ হাজার ২১০ কোটি টাকা। সে হিসাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৩৭৪ কোটি টাকা।
জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ৩০ হাজার ৯১১ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১১ হাজার ৭৫৮ কোটি টাকা এবং বেসরকারি ব্যাংকগুলোর ১৯ হাজার ১৫৩ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর আগে গত ২০২১-২২ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে এবার ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ২ হাজার ৩৫৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ২০ দশমিক শূন্য ৪ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলো কৃষি ও পল্লী ঋণ খাতে ঋণ বিতরণ করেছে ৪ হাজার ২২৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ২২ দশমিক শূন্য ৮ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে ৭ হাজার ৭৬ কোটি টাকার ঋণ শোধ করেছেন কৃষকরা। গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ৫ হাজার ৫৮৬ কোটি টাকা। আদায় বেড়েছে ১ হাজার ৪৯০ কোটি টাকা, যা একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৬৭ শতাংশ বেশি। গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিতরণ করা হয়েছে ৫ হাজার ২১০ কোটি টাকা। বর্তমানে ব্যাংক খাতে কৃষিঋণের স্থিতি বা পরিমাণ ৫০ হাজার ২৪৬ কোটি টাকা। এর মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৩ হাজার ৯৮৫ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক শূন্য ৯৩ শতাংশ।
কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য ও নন-ফার্ম (যেমন : গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেওয়া হয়। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শস্যে ঋণ বিতরণ করা হয়েছে ৫ হাজার ৪৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এ ছাড়া নন-ফার্মে ১ হাজার ১০০ কোটি ৪৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৩০ শতাংশ। চলতি অর্থবছরে এ খাতের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা।
প্রবা/এসজি/এমআই