প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৬:৪১ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২২ ১৭:২২ পিএম
ছবি : সংগৃহীত
শেষ ৯ কর্মদিবসের মধ্যে দ্বিতীয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক কিছুটা বেড়েছে। কিন্তু লেনদেনের গতি নিম্নমুখীই। মঙ্গলবার (২৫ অক্টোবর) ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩ ২৮ পয়েন্টে। তবে লেনদেনের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৩ কোটি ৫১ লাখ টাকা। গত দু-তিন সপ্তাহে ডিএসইর গড় লেনদেনের প্রায় অর্ধেক।
লেনদেন কমছে মূলত ফ্লোর প্রাইসে শেয়ারের দাম আটকে থাকার কারণে। মঙ্গলবার ডিএসইতে তালিকাভুক্ত ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির কোনো ধরনের লেনদেন হয়নি। আর বাজার মূল্যে ১ হাজার টাকার কম শেয়ার বা ফান্ডের লেনদেন হয়েছে ৯১টি প্রতিষ্ঠানের।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ২৪৮টির।
ডিএসইর লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। প্রতিষ্ঠানটির ৭৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৩ লাখ টাকার। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা ওরিয়ন ফার্মার ৩১ কোটি ৪৫ লাখ, ইনট্রাকো সিএনজির ২৮ কোটি ৫৭ লাখ ও ইস্টার্ন হাউজিংয়ের ২৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে তমিজ উদ্দিন টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ২১০ টাকা ৩ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ১৯৩ টাকা ৮০ পয়সায়। এ ছাড়া এডিএন টেলিকমের ৯ দশমিক ৯৩ শতাংশ, বিডিকম অনলাইনের ৯ দশমিক ৯৩ শতাংশ ও বসুন্ধরা পেপার মিলসের ৯ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে।
ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এ শেয়ারটির দর ৬ দশমিক ৯১ শতাংশ কমে সবশেষ ৪৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নাভানা সিএনজির দর ৩ দশমিক ২৭ শতাংশ কমে অবস্থান করছে ২৬ টাকা ৬০ পয়সায়। এ ছাড়া ইন্টারন্যাশনাল লিজিং ১ দশমিক ৭৫ শতাংশ, বেক্সিমকো লিমিটেড ১ দশমিক ২৫ শতাংশ ও ইউনিয়ন ক্যাপিটাল ১ দশমিক ২৩ শতাংশ দর হারিয়েছে।
এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচকও কিছুটা বেড়েছে। ডিএসএমই-এক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৭ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫টির, কমেছে ৮টির দর।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর কার্যক্রম শেষ হয়েছে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৫৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ২০ কোটি ৬৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ।
প্রবা/ আরএম/জেও