× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন একজন কৃষক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৬:৩৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন কৃষক। তবে সহজ শর্তে স্বল্প সুদের এ ঋণের ওপর নজর পড়েছে বড় গ্রাহকদের। তাই গবাদি পশু খামারের নামে তারা নিয়ে যাচ্ছেন বড় অঙ্কের ঋণ। এমন পরিস্থিতিতে প্রাণিসম্পদ খাতে গ্রাহকদের সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে খামারিদের ২০ লাখ টাকার বেশি ঋণ দিতে পারবে না ব্যাংক। প্রকৃত ও প্রান্তিক কৃষিকের ঋণ সুবিধা নিশ্চিত করতে এ সীমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কৃষিঋণ বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এ সার্কুলারে বলা হয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতে স্বল্প সুদে ঋণপ্রবাহ বজায় রাখার জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি স্কিম গঠন করা হয়েছে। পুনঃঅর্থায়ন স্কিম থেকে ইতোমধ্যে প্রাণিসম্পদ খাতে কিছু কিছু ব্যাংক বড় অঙ্কের ঋণ দিয়েছে। এতে প্রকৃত ও প্রান্তিক কৃষক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় প্রাণিসম্পদ খাতে একজন খামারিকে সর্বোচ্চ ঋণসীমা ২০ লাখ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাই এই সার্কুলারে আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য ২০২২ সালের ১৭ নভেম্বর পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়। যার আকার পাঁচ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত এ স্কিমটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত।

কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতাভুক্ত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তির মাধ্যমে এই সুবিধা নিতে পারবে। এসব ব্যাংকের চাহিদা, কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা, ঋণ বিতরণের সক্ষমতার ওপর ভিত্তি করে কৃষিঋণ বিভাগ তহবিল বরাদ্দ করবে। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দশমিক ৫০ শতাংশ সুদে অর্থ নিয়ে কৃষক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনবোধে বরাদ্দকৃত তহবিলের পরিমাণ পুনর্নির্ধারণ করতে পারবে।

সেখানে আরও বলা হয়, এই তহবিলের অধীনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক, বর্গাচাষি ও ফসল (ধান, শাকসবজি, ফুল ও ফল) চাষের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবে ব্যাংকগুলো। ঋণ পরিশোধে কৃষক বা গ্রাহক তিন মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাস সময় পাবেন। এই তহবিলের ঋণ কোনোভাবেই গ্রাহক পুরোনো ঋণের সমন্বয় করতে পারবেন না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা