× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিসিবির ট্রাক সেল

কাল থেকে রাজধানীতে আলু ৩০, পেঁয়াজ মিলবে ৫০ টাকায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম

সোমবার (১৩ নভেম্বর) সকালে সচিবালায়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্য সচিব। প্রবা ফটো

সোমবার (১৩ নভেম্বর) সকালে সচিবালায়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্য সচিব। প্রবা ফটো

রাজধানীর বিভিন্ন স্থানে আগামীকাল মঙ্গলবার থেকে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, ডাল, আলু ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ৩০টি খোলা ট্রাকের মাধ্যমে এসব নিত্যপণ্য বিক্রি করা হবে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ভর্তুকি মূল্যে প্রতি কেজি আলু ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, মশুর ডাল ৬০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হবে। একজন ক্রেতা এসব পণ্য সর্বোচ্চ দুই কেজি করে কিনতে পারবেন। পণ্য সরবরাহের ওপর ভিত্তি করে ট্রাকসেলের সংখ্যা বাড়ানো হবে।

ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এই সুবিধা নিতে পারবেন না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।

তপন কান্তি ঘোষ বলেন, রাজধানীতে অনেক দরিদ্র ভাসমান মানুষ বসবাস করছেন, যাদের জাতীয় পরিচয়পত্র গ্রামের ঠিকানায় করা। এজন্য তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার খোলা বাজারে তেল, ডাল, আলু ও পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এভাবে খোলা বাজারে এসব বিক্রি করবে টিসিবি। সম্প্রতি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। যাতে করে নিম্ন আয়ের এবং ভাসমান মানুষ এখান থেকে সূলভ মূল্যে পণ্য কিনতে পারে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তপন কান্তি বলেন, পণ্যের সরবরাহ বৃদ্ধি ও বাজার স্থিতিশীল রাখতে আমরা আমদানি উন্মুক্ত করে দিয়েছি। খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে ডলারের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ ব্যাংককের মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে।

সিনিয়র সচিব আরও বলেন, এখন পর্যন্ত দুই লাখ টন আলু এবং ২৫ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে প্রায় ১১ হাজার টন আলু এবং ৬২ হাজার পিস ডিম দেশে এসে পৌঁছেছে। যার প্রভাব বাজারে পড়েছে। আইনি জটিলতার কারণে ডিম কম আমদানি হয়েছে। সমস্যা সমাধান হওয়ায় খুব শিগগিরই ডিমের চালান দেশে প্রবেশ করবে। অন্যদিকে আলু বিভিন্ন পোর্ট দিয়ে প্রতিদিন আসছে। নতুন ফসল না আসা পর্যন্ত আমদানি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

বৈশ্বিক পরিস্থিতি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে পণ্য সরবরাহে সমস্যার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটা শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বে। তেল ও চিনিসহ যেসব পণ্য আমদানি করতে হয় সেসব পণ্যের দাম সময়ে সময়ে নির্ধারণ করে দিয়েছি। পণ্য সরবরাহ বৃদ্ধির মাধ্যমে বাজার স্থিতিশীল রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হাতের নাগালে রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। সার্বিক দিক বিবেচনায় হয়তো পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা