প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ১৭:১৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২২ ১৮:১০ পিএম
রাজধানীর কারওয়ানবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মত বিনিময় করেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। ছবি : প্রবা
দুই থেকে তিন দিনের মধ্যে চিনির বাজারে সংকট কেটে যাবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। রবিবার রাজধানীর কারওয়ানবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
সফিকুজ্জামান বলেন, ‘চিনির রিফাইনারিগুলোতে গ্যাস সরবরাহ ঠিকমতো না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। ইতোমধ্যে পাঁচটি চিনি রিফাইনারি প্রতিষ্ঠানের চিনি উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশ কমে গেছে। কারখানাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আজ থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে সফিকুজ্জামান বলেন, ‘বাজারে চিনি কম আছে বলেই যে বেশি দামে বিক্রি করতে হবে, এমনটা তো কথা নয়। সংকট থাকলেও বেশি দামে চিনি বিক্রি করা যাবে না। সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে হবে। কেন বেশি দামে চিনি বিক্রি করা হচ্ছে বা হয়েছে তার জন্য কঠোর তদারকি করা হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার নির্ধারিত দাম খুচরা পর্যায়ে খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনি ৯৫ টাকা দরেই বিক্রি করতে হবে। আর এই দাম ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হয়েছে। সুতরাং এ দামের বাইরে বিক্রি নয়। বিক্রি করলেই ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার অধিদপ্তর।’
সভায় ব্যবসায়ীরা বলেন, ‘আমাদের চিনি বেশি দামে কেনা পড়ে তাই বেশি দামে বিক্রি করি। আমরা কম দামে পেলে কম দামে বিক্রি করব। কোম্পানিগুলো বেশি দাম না দিলে চিনি সরবরাহ দেয় না। আর চিনি না পেলে মুদি দোকানের বেচাকেনায়ও ভাটা পড়ে। তাই কাস্টমার ধরে রাখতে বেশি দামে চিনি কিনে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর কোম্পানিগুলো চিনি ক্রয়ের রসিদও দিচ্ছে না।’
ব্যবসায়ীদের এমন অভিযোগের জবাবে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, ‘কোম্পানিগুলো বেশি দামে চিনি বিক্রি করছে তার অভিযোগ আমাদের জানাননি কেন? আমরা অভিযোগ পেলে ওইসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব। ক্যাশম্যামো ছাড়া কোনোভাবেই কেনাবেচা করা যাবে না।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য প্রতিনিধি ও ভোক্তা কণ্ঠের সম্পাদক কাজী আব্দুল হান্নান, কারওয়ানবাজার ইসলামিয়া সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেনসহ অন্য ব্যবসায়ীরা।
প্রবা/এসজি/এমআই