প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ২১:০৩ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ২১:২৯ পিএম
প্রবা ফটো
এ বছর প্রথমবারের মতো করশূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিল করার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে পাওয়া যাবে প্রাপ্তি স্বীকার ও সনদ। ফলে এই শ্রেণির করদাতাদের কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়কর তথ্য সেবা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এনবিআর চেয়ারম্যান বলেন, ’ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।’ এ ছাড়া কেন্দ্রীয়ভাবে এনবিআরের ওয়েবসাইটে আয়করসংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য তথ্য থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টানা তৃতীয়বারের মতো চলতি বছরও আয়কর মেলা আয়োজন না করে করদাতাদের সুবিধার্থে কর অঞ্চলে নভেম্বরজুড়ে মিনি করমেলা অনুষ্ঠিত হবে।
আয়কর মেলার আদলে কর অফিসে করদাতারা পাবেন ‘ওয়ানস্টপ’ সেবা। এ ছাড়া অনলাইনে চালান, বিকাশ, রকেট, নগদ কিংবা ইউক্যাশ ব্যবহার করে ঘরে বসেই কর দেওয়ার সুবিধা পাবেন করদাতারা।
নভেম্বর মাসব্যাপী প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশে করদাতারা আয়কর রিটার্ন দাখিলসহ সব ধরনের সেবা নিতে পারবেন। এ ছাড়া করদাতাদের তথ্য সরবরাহ করার জন্য কর অঞ্চলগুলো ছাড়াও সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ক্যান্টনমেন্টে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রেও আয়কর রিটার্ন দাখিলসহ অন্য করসেবা ও করসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনী বছরে ডলার সংকট চলছে, আমদানি কমে গেছে ও ব্যবসায় ধীরগতি– এ অবস্থায় রাজস্ব আদায় খুবই চ্যালেঞ্জিং। নির্বাচনী বছরে সহিংসতার আশঙ্কা থাকে।’
নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘আমি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েছি। তারপর থেকেই করোনাতাণ্ডব শুরু হয়। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছু করতে পারিনি। পলিসি লেভেলে কিছু করেছি। অটোমেশনের ক্ষেত্রে চেষ্টা করেছি। আয়কর আইন করেছি, কাস্টমস আইন সংসদে উপস্থাপিত হবে। অফিস পলিসি নিয়ে কাজ করেছি। অর্থনীতির এই করুণ অবস্থার মধ্যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছুই করতে পারিনি। ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে বাজেটে কিছু বিষয় যুক্ত করেছি।’
কোনো সেবা না পেলে ব্যবসায়ীদের অভিযোগ আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সেবা না পেলে লিখিত অভিযোগ নিয়ে আসেন। ব্যবসায়ীদের অযথা সুপারিশ কেন শুনব।’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুদামের ৫৬ কেজি স্বর্ণ চুরির তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সুষ্ঠু তদন্তের জন্য যৌক্তিক সময় লাগতেই পারে। সেই সময় দেওয়া হয়েছে।’