ড. জাহিদ হোসেন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ২৩:০৯ পিএম
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
ডলারের দাম পরিবর্তনে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ভিত্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। আর্থিক সংকট নিরসনে ডলার বাজার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা খুবই জরুরী। এজন্য বিদেশি এ মুদ্রার দাম বাজারের উপর ছেড়ে দেওয়া শ্রেয়। কিন্তু কিছুদিন পর পর এ দুই সংগঠনের সিদ্ধান্ত বাজারকে আরো অস্থির করছে বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা শাখার সাবেক এই প্রধান।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ড. জাহিদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দীনের বৈঠক শেষে এসব কথা বলেন জাহিদ হোসেন।
তিনি বলেন, চলমান আর্থিক সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে আমাদেরকে অবহিত করা হয়। পরে আমরাও কিছু পরামর্শ দেই। আমরা সবাই জানি চ্যালেঞ্জগুলো কি কি। ঋণের সুদের হার, ডলার মার্কেটে অস্থিরতা এবং ঝুঁকিভিত্তিক সম্পদ এখন সবচেয়ে বড় বোঝা। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে আরো কিছু পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী নীতির আরও পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।
জাহিদ হোসেন আরো বলেন, ইতিমধ্যেই ঋণের সুদের হার স্বাভাবিক করার জন্য স্মার্ট পদ্ধতি চালু করা হয়েছে। আমরা ঋণের হার পদ্ধতি আরও সহজ করার পরামর্শ দিয়েছি। ডলার বাজার স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে আরো কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
দুর্দশাগ্রস্থ ঋণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খেলাপিঋণ ছাড়াও যে দুর্দশাগ্রস্থ ঋণগুলো ছিল সেগুলো ইতিমধ্যেই প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেগুলো নিয়ন্ত্রণে বিদ্যমান আইন বাস্তবায়ন করাটা খুব জরুরী।