প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২০:৫২ পিএম
চলতি বছর দেশে ৯০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন।
শনিবার (২১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলন আয়োজন করে ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।
বিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ডলারের দাম অস্থিতিশীল থাকায় বিদেশি বিনিয়োগ আগের তুলনায় কম। শনিবার পর্যন্ত এ বছরে দেশের বিদেশি বিনিয়োগ এসেছে ৯০০ মিলিয়ন (৯০ কোটি) ডলার।
তিনি জানান, বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসায়ীদের বিনিয়োগ-সংক্রান্ত সমস্যা সমাধানে ওয়ান স্টপ সেবা চালু করা হয়েছে। এখানে একসঙ্গে ৯০ ধরনের সেবা দেওয়া হয়। ফলে ব্যবসায়ীরা হয়রানি ও কষ্ট দুটি থেকেই রেহাই পাচ্ছে।
মহসিনা ইয়াসমিন বলেন, ‘বিডা দীর্ঘ সময় ধরে এফআইসিসিআইয়ের সঙ্গে এফডিআই প্রচারণা এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এফআইসিসিআইয়ের এই মেগা ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পেরে আমরা আনন্দিত।’
তিনি বলেন, ‘বৈদেশিক বিনিয়োগ যেকোনো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সরকারও সর্বদা একে স্বাগত জানিয়ে আসছে। এই ইভেন্টটি দেশে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।’
এফআইসিসিআই চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখন উত্তম সময়। বিদেশিরা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তারা দেখছেন এবং সময় সুযোগ বুঝে বিনিয়োগ করছেন।