× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপ্তাহিক পুঁজিবাজার

শেয়ারদরের সঙ্গে বাড়ল মূলধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২০:৪৭ পিএম

শেয়ারদরের সঙ্গে বাড়ল মূলধন

দরপতন কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই বাজার ছিল ঊর্ধ্বমুখী। এতে সপ্তাহজুড়ে দাম বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর। ফলে বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে বাজার মূলধনও বেড়েছে।

সপ্তাহজুড়ে বেশিরভাগসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৫ হাজার কোটি টাকা বেড়ে গেছে। একই সঙ্গে প্রধান মূল্যসূচক বেড়েছে ১৯ পয়েন্টের ওপরে। আর দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৪ শতাংশের বেশি। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ বাড়ল বাজার মূলধন ও সূচক।

এতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৭টির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এর বিপরীতে দাম কমেছে ৫৪টির, অপরিবর্তিত রয়েছে ২২৮টির দাম। দাম অপরিবর্তিত থাকা এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে রয়েছে। ক্রেতা না থাকায় এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি টাকা। যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৯৪৭ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৪ শতাংশ।

আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ৪০৮ কোটি টাকা। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩৫৫ কোটি টাকা। তার আগের দুই সপ্তাহের পতনে বাজর মূলধন কমে ২ হাজার ৩২৪ কোটি টাকা। 

এদিকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৭ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ। তার আগের দুই সপ্তাহে সূচকটি কমে ৪৮ দশমিক শূন্য ২ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ১ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৩ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ।

আর ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ৫ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ।

প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৫৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪০৩ কোটি টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৫৬ লাখ টাকা বা ২৪ দশমিক ২১ শতাংশ।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ১৫ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকা বা ২৪ দশমিক ২১ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা