প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৪:৪৮ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৫:২৯ পিএম
প্রতীকী ছবি।
জ্বালানি তেল পরিবহনে ট্যাংকার ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার। জারি করা এক প্রজ্ঞাপনে ওই ভাড়া বৃদ্ধির কথা জানানো হয়েছে। একই সঙ্গে পরবর্তীতে নটিক্যাল মাইলপ্রতি ভাড়া কী হারে বাড়বে তা-ও এতে বলে দেওয়া হয়েছে।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে—জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন তিনটি তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার জ্বালানি তেল পরিবহন বহরে নিয়োজিত কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের ভাড়া একটি ফর্মুলার মাধ্যমে হ্রাস/বৃদ্ধি ঘটবে। এ ছাড়া ত্রিবার্ষিক অয়েল ট্যাংকারের পরিবহন ভাড়াও বৃদ্ধি পাবে।
ওই ফর্মুলায় বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্য ১.০০ টাকা হ্রাস/বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতি টন প্রতি নটিক্যাল মাইলে ০.০৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতি টন প্রতি নটিক্যাল মাইলে ০.০৩৯ টাকা হ্রাস বা বৃদ্ধি পাবে।
অয়েল ট্যাংকারের পরিবহন ভাড়া (প্রতি বছর প্রতি টন প্রতি নটিক্যাল মাইল ০.০৯ টাকা হারে) ত্রিবার্ষিক ভিত্তিতে (৩×০.০৯)=০.২৭ টাকা বৃদ্ধি পাবে। জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সময় থেকে উপরোক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে।
বিপিসি চেয়ারম্যান এবিএম আবুল কালাম আজাদ (এনডিসি) বলেন, ‘এটা একটা নিয়মিত কাজের অংশ হিসেবে করা হয়েছে। ট্যাংকার মালিকদের সঙ্গে ভবিষ্যতে ঝামেলা এড়াতে এবার এটিকে স্থায়ী করার জন্য ফর্মুলা করে দেওয়া হয়েছে।’
প্রবা/জিজি/জেও