প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৮:০২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১৮:৪৬ পিএম
রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন অনুষ্ঠিত কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। প্রবা ফটো
বাজারের মাধ্যমে অর্থনীতি পরিচালনা হয় বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের দেশের বাজার স্থিতিশীল নয়। এটা একটা উড লেভেলের বাজার। কাঁপন বেশি। কারণ বর্তমানে আমরা প্রবৃদ্ধির প্রাথমিক পর্যায়, নিম্ন মধ্যম পর্যায়ে আছি। প্রতিনিয়ত নতুন নতুন ভোক্তার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে অধিকসংখ্যক লোকের আয় বাড়ছে প্রতিনিয়ত। গতকালের ভোক্তার সংখ্যা চেয়ে আজকের ভোক্তার সংখ্যা কিন্তু বাড়ছে। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি একটা ঘনিষ্ঠ বিষয়। শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন অনুষ্ঠিত কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্র্যাসির আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বাজার সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির চিরন্তন শিক্ষা জোগান, চাহিদা ও সরবরাহ- এসব চিরন্তন লড়াইয়ে ভালো-মন্দ বা পাপ-পুণ্যের লড়াই আবহমান কাল থেকে রয়েছে। অর্থনীতিতে বাজারের কোনো বিকল্প নেই। সমাজতন্ত্র বা পুঁজিতন্ত্র বাজারের মাধ্যমে অর্থনীতি পরিচালনা হয়। স্থানীয় বাজার, বিষয়বস্তু বাজার বা তাত্ত্বিক বাজারসহ বিভিন্ন বাজারে আমরা বিচরণ করে থাকি।
তিনি বলেন, আমাদের অর্থনীতি নবীন বা চঞ্চল। এখানে নিত্য সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। সাময়িক যে এখানে ব্যবধান থাকে সেটার প্রতিফলন হয় বাজারে। সমাজতন্ত্র হলেই বাজার নিয়ন্ত্রিত হয় সেটা একটু দূরুহ ব্যাপার। বাজার সমাজতন্ত্রকেও খায়, আবার পুঁজিতন্ত্রকেও খায়। বাজার একটা পাওয়ারফুল বিষয়।
মন্ত্রী বলেন, সিন্ডিকেট বলে স্থায়ী কোনো সংস্থা নেই। ব্যবসায়ীদের মধ্যে আদান-প্রদান আছে। সামাজিক স্থিতিশীলতা, শান্তি , ধারাবাহিকতা, সুরক্ষা করা প্রয়োজন। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ একটানা ২২ বছর শাসন করেছেন। আমাদের দেশে স্থিতিশীলতা প্রয়োজন আছে। গত ১৫ বছরে আমাদের স্থিতিশীলতায় বেড়েছে প্রবৃদ্ধি, জাতীয় সম্পদ, শিক্ষা, চিকিৎসাসেবা ও সাংবাদিকদের স্বাধীনতা বেড়েছে।
ভারতের বাজারের সঙ্গে তুলনা করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশের বাজার গভীর নয়। কিন্তু ভারতের বাজার দেশের বাজারের তুলনায় অনেক গভীর। আমার দেশের বাজারের কেন্দ্র ঢাকা। আর ভারতের বাজারের তিনটি শক্তিশালী কেন্দ্র রয়েছে। সেগুলো হলো কলকাতা, মুম্বাই ও চেন্নাই। কেউ কারও চেয়ে কম নয়।
ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, বাজারে পণ্যের দাম একেক সময়ে একেক রকম হচ্ছে । ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব আমরা বাজারে দেখেছি। এখন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আন্তর্জাতিক বাজারসহ দেশের বাজারে কতটা প্রভাব পড়বে, এটা দেখার বিষয়।
কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে উৎপাদক পর্যায়ে সমবায় শক্তি জোরদার, পণ্য পরিবহনে চাঁদা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ, কৃষকদের ন্যায্য মূল্য আদায়সহ ৭ দফা সুপারিশ উপস্থাপন করেন।
কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে ঘণ্টাব্যাপী ছায়া সংসদ বিতর্ক প্রতিয়োগিতা শেষে ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজ বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়।
প্রতিয়োগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাঈনুল ইসলাম, দৌলত আক্তার মালা ও কাবেরী মৈত্রেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।