প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৯:৩২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১৯:৫৮ পিএম
ফাইল ফটো
দেশীয় দুটি প্রতিষ্ঠান থেকে ১৩০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়, আন্ধারমানিক নদীর ওপর সেতু নির্মাণসহ ২ হাজার ৪২ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভা। বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
অতিরিক্ত সচিব বলেন, ’বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১২টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের তিনটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি, শিল্প মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার বিভাগের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি এবং টেবিলে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪২ কোটি ১৬ লাখ ৪০ হাজার ৯৯১ টাকা।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক অষ্টম শ্রেণি, দাখিল অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি বিনা মূল্যের পাঠ্যপুস্তক ১৯৮ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৩ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল Super Oil Refinery Ltd.-এর নিকট থেকে ৭৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় এবং ৮০ লাখ লিটার সয়াবিন তেল মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১২৯ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কো থেকে সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকায় আমদানির প্রস্তাব, অষ্টম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকায় আমদানির প্রস্তাব, নবম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১২৯ কোটি ৬৯ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক “বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সীগঞ্জ (দ্বিতীয় সংশোধিত)”- প্রকল্পের ভূমি উন্নয়ন (অতিরিক্ত) মাটি ভরাটের পূর্ত কাজ ১০২ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৫৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ৩০ হাজার মেট্রিক টন (+১০%) ফসফরিক এসিড মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট : মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) হতে ১৯৭ কোটি ৩৪ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের দুটি, সড়ক ও মহাসড়কের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সাঈদ মাহবুব খান বলেন, ’সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল অ্যানহ্যান্সমেন্ট প্রোগ্রাম (ইউকেয়ার) ফেস-১ প্রকল্পের প্যাকেজ-৬-এর পূর্ত কাজ ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১০১ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকা । ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৮৯১ মিটার সেতু নির্মাণের পূর্ত কাজ ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১১০ কোটি টাকা। এবং শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-০৪-এর পূর্ত কাজের ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৩৫৮ কোটি টাকা।’
এ ছাড়াও সভার টেবিলে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হয় জানিয়ে তিনি বলেন, ’পায়রা সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় আন্ধারমানিক নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সেতুটি নির্মাণে ব্যয় হবে ৯৪৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৪৯ টাকা।’