× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন লেনদেনের নীতিমালা ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ডিজিটাল লেনদেন আইনের আওতায় আনতে নীতিমালা প্রয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল পরিশোধ ব্যবস্থাকে নিরাপদ, কার্যকর, সহজলভ্য করা এবং ডিজিটাল পরিশোধ ব্যবস্থাকে ব্যবহার করে গ্রাহকের স্বার্থহানি রোধকল্পে ‘মার্চেন্ট অ্যাকোয়ারিং ও এসক্রো সেবা নীতিমালা ২০২৩’ শীর্ষক নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুতাসিম বিল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, নীতিমালা অনুযায়ী মার্চেন্ট হবে তিন ধরনের। প্রথমটি ফিজিক্যাল স্টোর ভিত্তিক মার্চেন্ট, দ্বিতীয়টি অনলাইন ভিত্তিক মার্চেন্ট ও তৃতীয়টি ফিজিক্যাল স্টোর ও অনলাইন উভয় ভিত্তিক মার্চেন্ট।

যেসব মার্চেন্ট বা বিক্রেতার মাসিক লেনদেন ১০ লাখ টাকার নিচে তারা মাইক্রো ফিজিক্যাল মার্চেন্ট হিসেবে গণ্য হবে। আর যাদের লেনদেন ১০ লাখ টাকার বেশি তারা ফিজিক্যাল রেগুলার মার্চেন্ট হিসেবে গণ্য হবে। আবার যেসব অনলাইন মার্চেন্ট বা বিক্রেতার মাসিক লেনদেন ১০ লাখ টাকার নিচে তারা মাইক্রো অনলাইন মার্চেন্ট হিসেবে গণ্য হবে। আর যাদের লেনদেন ১০ লাখ টাকার বেশি তারা অনলাইন রেগুলার মার্চেন্ট হিসেবে গণ্য হবে। যেসব মার্চেন্ট নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ বা প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে বিভিন্ন বিক্রেতার (মার্চেন্ট) পণ্য/সেবা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করে, তারা অনলাইন মার্কেটপ্লেস হিসেবে গণ্য হবে।

বিক্রেতা বা মার্চেন্টের ব্যবসায়িক কার্যক্রম এবং লেনদেনে গ্রাহকের স্বার্থহানিসহ মানি লন্ডারিং ও জালিয়াতির ঝুঁকি থাকে। ফলে পরিশোধ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান (বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ইত্যাদি) বা মার্চেন্ট অ্যাকোয়ারারকে বেশ কিছু তথ্য সংরক্ষণ করতে হবে। সেগুলো হলো- মার্চেন্টের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, কেওয়াইসি, পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট, ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, হালনাগাদ ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে), সার্টিফিকেট অব ইনকরপোরেশন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) (প্রযোজ্য ক্ষেত্রে), মার্চেন্টের টেলিফোন/মোবাইল নাম্বার, মার্চেন্টের ব্যাংক/এমএফএস/পিএসপি অ্যাকাউন্ট নাম্বার, ব্যবসায়িক ঠিকানা, ওয়েবসাইট ও ই-মেইল ঠিকানা, মার্চেন্ট যে ব্যবসায় নিয়োজিত তার বিবরণ, বৈধতা, সামাজিক গুরুত্ব, হালনাগাদ পণ্যের তালিকা (অনলাইন মার্চেন্টের ক্ষেত্রে প্রযোজ্য), অনুমতি আবশ্যক এরূপ পণ্য/সেবা বিক্রয়ের ক্ষেত্রে মার্চেন্টের অনুমতিপত্র, মার্চেন্ট কোনো ব্যবসায়িক সংগঠন/সমিতির সঙ্গে যুক্ত থাকলে সে সংক্রান্ত দলিল, অ্যাকোয়ারারের বিবেচনায় অন্য যেকোনো প্রযোজ্য নথি, মার্চেন্ট কর্তৃক প্রদত্ত দলিলাদির অনলাইনে যাচাইকৃত প্রমাণ (প্রযোজ্য ক্ষেত্রে)।

অ্যাকোয়ারার প্রতিষ্ঠান প্রতি অর্থবছর শেষে পরবর্তী তিন মাসের মধ্যে সব মার্চেন্টের ঝুঁকিসমূহ মূল্যায়ন করে একটি প্রতিবেদন প্রস্তুত করবে এবং প্রয়োজনে পরিচালনা পর্ষদ বরাবর উপস্থাপন করবে। ঝুঁকির মাত্রা অনুযায়ী মার্চেন্টসমূহকে তিনটি শ্রেণিতে ভাগ করতে হবে। (ক) অধিক ঝুঁকিপূর্ণ মার্চেন্ট, (খ) মধ্যম ঝুঁকিপূর্ণ মার্চেন্ট এবং (গ) কম ঝুঁকিপূর্ণ মার্চেন্ট।

অ্যাকোয়ারার প্রতিষ্ঠাগুলো মার্চেন্টের ব্যবসায়িক কার্যক্রম নিয়মিত তদারকির মধ্যে রাখবে। যদি কোনো ফিজিক্যাল রেগুলার মার্চেন্টের (যাদের মাসিক লেনদেন ১০ লাখ টাকার বেশি) মাসিক লেনদেন প্রবৃদ্ধি ৪০ শতাংশের বেশি হয়, তাহলে তাকে ব্যাখ্যা তলব করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সরেজমিন পরিদর্শন করে উত্তর সন্তোষজনক না হলে তার লেনদেন স্থগিত করতে হবে। এ ছাড়া অনলাইন রেগুলার মার্চেন্টের (যাদের মাসিক লেনদেন ১০ লাখ টাকার বেশি) মাসিক লেনদেন প্রবৃদ্ধির হার ৩০ শতাংশের বেশি হতে পারবে না। অনলাইনের মার্কেটপ্লেসের প্রবৃদ্ধি ২৫ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।

এ ছাড়া ওই আইনে একজন গ্রাহক ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানে কীভাবে পণ্য অর্ডার করবে, কীভাবে পেমেন্ট করবে, মার্চেন্টের দায়িত্ব ও কাজ, ব্যাংক বা অ্যাকোয়ারার প্রতিষ্ঠানের কাজ, এসক্রো বা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের করণীয় এবং কোনো জায়গায় বিপত্তি তৈরি হলে তার সমাধান ও জরিমানা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কোনো ক্ষেত্রে ক্ষতির ভার কার কাঁধে পড়বে, তাও বর্ণনা করা হয়েছে এ নীতিমালায়।

নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুতগতির এসক্রো সেবা (পণ্য সরবরাহ বা কুরিয়ার) চালুর লক্ষ্যে অ্যাকোয়ারার প্রতিষ্ঠান এই নীতিমালা জারি হওয়ার ছয় মাসের মধ্যে তাদের এসক্রো সেবা প্রদানের প্রক্রিয়াকে অটোমেটেড করবে। ডিজিটাল কমার্স লেনদেনে কুরিয়ার সেবা প্রদানের ক্ষেত্রে অ্যাকোয়ারার প্রতিষ্ঠান (ব্যাংক বা এমএফএস) পণ্য বা সেবা ক্রেতার ওপর কোনো চার্জ আরোপ করতে পারবে না।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা