প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ২১:২৩ পিএম
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মরক্কোতে অনুষ্ঠিত আইওএসকোর ৪৭ তম বার্ষিক সভায় অংশগ্রহণ করে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি আগামী ২০২২-২৪ সময়কালের জন্য এ দায়িত্ব পালন করবেন।
সভায় বহুপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাবে।
গত ২৪ জুলাই অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অংশগ্রহণে গঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে এমন অর্জন বাংলাদেশের জন্য এই প্রথম।
আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ায় দেশ এবং দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত হবে এবং বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক পুঁজিবাজারের নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট আইন কানুনের সঙ্গে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি পাবে। এতে করে দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নতিতে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সমূহ নিয়ে গঠিত প্রতিষ্ঠান আইএসকোর ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ২৩৩। বিএসইসি ২০১৩ সালের ২১ ডিসেম্বর আইএসকোর সদস্য হয়। সংস্থাটির ৪ টি আঞ্চলিক কমিটির মধ্যে শিয়া প্যাসিফিক রিজিওনাল অন্যতম। বর্তমানে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১ টি দেশ এই আঞ্চলিক কমিটির সদস্য।
প্রবা/রনি