প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ২২:০০ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ২২:০৩ পিএম
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চার দশমিক চার শতাংশ প্রসারিত হয়েছে সিঙ্গাপুরের অর্থনীতি। গতবছরের তুলনায় এবছরের প্রবৃদ্ধি কিছুটা কম হলেও অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে দেশটি।
সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রনালয়ের প্রকাশিত তথ্য অনুসারে,গতবছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এবছরের একই সময়ে প্রবৃদ্ধি কম হয়েছে ৪ দশমিক ৫ শতাংশ। তবে দেশটির মনিটারি অথরিটি বলছে, কোভিড- ১৯ নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ এবং ভ্রমণখাতের প্রবৃদ্ধি পুনরুদ্ধার হতে শুরু করেছে। খবর খালেজ টাইমস।
এদিকে অর্থনৈতিক মন্দার আশঙ্কা এড়াতে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। তবে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কমতে শুরু করেছে। যার ফলে অর্থনীতিতে ভাটা পড়তে শুরু করেছে।
মনিটারি অথরিটি সিঙ্গাপুর বলছে, মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে অর্থনৈতিক অবকাঠামো আরও কঠোর অবস্থানে নিয়ে যেতে হবে।
কিছু সময়ের জন্য মূল্যস্ফীতি বাড়তে পারে শঙ্কা নিয়ে সংস্থাটি আরও বলছে, শেষ প্রান্তিকে বৈশ্বিক মুদ্রানীতির ভিত্তিতে দেশীয় অর্থনৈতিক কার্যকলাপ তীব্রভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদিও মূল্যস্ফীতি সহনীয় হওয়া উচিত কিন্তু তা কিছু সময়ের জন্য বাড়তে পারে।
মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে বার্ষিক হিসেবের প্রায় ছয় শতাংশ হতে পারে।
প্রবা/রনি