প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি ড. এটিএম তারিকুজ্জামান। প্রবা ফটো
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন ড. এটিএম তারিকুজ্জামান। রবিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে প্রায় ১৩ মাস পর নতুন ব্যবস্থাপনা পরিচালক পেল ডিএসই।
২০২২ সালের ২৩ আগস্ট পূর্ববর্তী ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া পদত্যাগ করেন। ওই মাসের ২৫ তারিখে তা গ্রহণ করে ডিএসই বোর্ড। এরপর থেকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডিএসইর প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও) সাইফুর রহমান মজুমদার।
বর্তমান ড. এটিএম তারিকুজ্জামান সবশেষ নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দায়িত্বে ছিলেন। দীর্ঘ ২৫ বছর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত ৮ আগস্ট এটিএম তারিকুজ্জামানকে নিয়োগের অনুমোদন দেয় বিএসইসি। তিনি বিএসইসির নির্বাহী পরিচালকের পদ ছেড়ে এমডি হিসেবে ডিএসইতে যোগদান করেছেন।
ড. এটিএম তারিকুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পূর্ন করেন। ১৯৯৭ সালে উপ-পরিচালক হিসেবে বিএসইসিতে যোগদান করেন। বিএসইসিতে চাকরিরত অবস্থায় ড. তারিক ২০০৭-২০০৯ এর সময় অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডেকিন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব ফিনান্সিয়াল প্লানিং (এমএফপি) ও মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অধ্যায়নের জন্য এইউএসএইড স্কলারশিপ লাভ করেন। পরবর্তীতে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও তিনি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের স্কুল অব অ্যাকাউন্টিং অ্যান্ড কমার্শিয়াল ল’তে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রফেশনাল মেম্বারশিপ হিসেবে তিনি সিপিএ (অস্ট্রেলিয়া), দ্যা ইন্সটিটিউট অব ডিরেক্টরস (আইওডি) এবং নিউজিল্যান্ড ইনকরপোরেশন থেকে দ্যা ইন্সটিটিউট অব ফাইন্যান্স প্রফেশনালস নিউজিল্যান্ড আইএনসি ডিগ্রি অর্জন করেন।