প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৪ পিএম
বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের আত্মজীবনীমূলক বই ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। এরপর বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ও শিল্পখাতের প্রথিতযশা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বইটি সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন গোলাম মইন উদ্দীন। তিনি বলেন, ‘বইটি প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেখতে দেখতে বহুজাতিক কোম্পানিতে কাজ করার অনেকদিন হয়ে গেল। এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করবো বলে ভাবছিলাম। শেষ পর্যন্ত এই বইটির মাধ্যমে আমার কর্ম ও ব্যক্তিজীবনের অনেক কথা আপনাদের সাথে বলা হল। অনুষ্ঠানে আগত সকল অতিথিকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।’
‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’ বইটির ৩৫টি অধ্যায়ে গোলাম মইন উদ্দীনের জীবনের নানা দিক উঠে এসেছে। বইটির পরতে পরতে ছড়িয়ে আছে মইন উদ্দীনের শৈশব-কৈশোর, কর্মজীবনের শুরু, চা-বাগানে কাজ করার নানান অভিজ্ঞতা।
লেখকের বর্ণাঢ্য কর্মজীবন, তার সময়কালে বিএটি বাংলাদেশের বিভিন্ন এমডিদের কার্যক্রম, বিএটি বাংলাদেশের নেওয়া নানারকম উদ্যোগ এবং কর্মীদের জন্য দিক-নির্দেশনাসহ ব্যক্তিজীবনের বিভিন্ন দিক।
বইটি উৎসর্গ করা হয়েছে লেখকের বন্ধুবান্ধব, ৫০ বছরের পেশা জীবনের সহকর্মী, শ্রমিক-কর্মচারী, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও সাধারণ জনগণকে।
বইটির মূল্য ৮০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন লিটন হালদার। প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী।