প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৪ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৪ পিএম
ছবি : সংগৃহীত
একের পর এক রেকর্ডের পর হঠাৎ মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) লেনদেন কমে গেছে। এক মাসের ব্যবধানে বিকাশ, নগদ ও রকেটের মতো প্রতিষ্ঠানগুলোতে লেনদেন প্রায় ৩৪ হাজার কোটি টাকা কমেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ঈদের মাসে সবসময় লেনদেন বাড়ে। যার কারণে ঈদের পরের মাসে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন কিছুটা কম হয়, এটাই স্বাভাবিক। কারণ উৎসবকে কেন্দ্র করে দুই মাস মোবাইলের মাধ্যমে প্রচুর কেনাকাটা করেন গ্রাহক।
বাড়তি কোনো টাকা ছাড়াই ঘরে বসে খোলা যায় হিসাব। শহর কিংবা গ্রামে নিমেষেই পাঠানো যায় অর্থ। কেনাকাটা, বিল পরিশোধ, ঋণগ্রহণসহ যুক্ত হচ্ছে নতুন নতুন নানা পরিষেবা। বিদেশ থেকে আসছে রেমিট্যান্স। হাতের মুঠোতে মিলছে সেবা। ফলে বিকাশ, রকেট, নগদের মতো এমএফএসের ওপর মানুষের আগ্রহের পাশাপাশি বাড়ছে নির্ভরশীলতা। বাড়ছে গ্রাহক সংখ্যাও।
বাংলাদেশ ব্যাংকের এমএফএসের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় চলতি বছরের জুলাইয়ে ৯৮ হাজার ৩০৬ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে; যা তার আগের মাস জুনের চেয়ে ৩৩ হাজার ৮৬৮ কোটি টাকা কম। জুনে কোরবানির ঈদের মাসে লেনদেন হয়েছিল ১ লাখ ৩২ হাজার ১৭৫ কোটি টাকা। এই অঙ্ক এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড লেনদেন। এর আগে একক মাসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল চলতি বছরের এপ্রিলে প্রায় ১ লাখ ২৪ হাজার ৯৫৪ কোটি টাকা।
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সঙ্গে দিন দিন বাড়ছে গ্রাহক সংখ্যা। বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ নানা নামে ১৩টির মতো ব্যাংক ও প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে। ২০২৩ সালের জুলাই মাস শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৯৫ লাখ ৬৯৮ হাজার জন। গ্রাহক বেশি হওয়ার কারণে অনেক গ্রাহক একাধিক সিম ব্যবহার করছেন। লেনদেনের সুবিধার্থে একাধিক সিমের হিসাব খুলছেন।
নিবন্ধিত এসব হিসাবের মধ্যে পুরুষ গ্রাহক ১২ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭২ ও নারী ৮ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার ৭৯৫ জন। আলোচিত সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৪৪৫টি, যা জুন মাসে ছিল ১৫ লাখ ৮৫ হাজার ৭২২টি।
এখন গ্রাহক ঘরে বসেই ডিজিটাল কেওয়াইসি (গ্রাহক সম্পর্কিত তথ্য) ফরম পূরণ করে সহজেই এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানে হিসাব খুলতে পারছেন।