× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একনেকে উঠছে বেশি ব্যয়ের সেই প্রকল্প

এম আর মাসফি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৫:০৩ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১৫:০৬ পিএম

একনেকে উঠছে বেশি ব্যয়ের সেই প্রকল্প

দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ রাইডে পরিচালিত হয়ে আসছিল রাজধানীর শাহবাগে অবস্থিত সোহরাওয়ার্দী শিশুপার্ক (আগে নাম ছিল শহীদ জিয়া শিশুপার্ক)। করোনা সংক্রমণের মধ্যে কিছুদিন বন্ধ থাকার পর এটি আর চালু হয়নি। 

পার্কটিতে নতুন ১৫টি আকর্ষণীয় রাইড সংযুক্ত করে এবং এর আধুনিকায়নে কিছু কাজ যুক্ত করে ৬০৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শিশুপার্ক আধুনিকায়নে ছয়টি টয়লেট নির্মাণে ৭ কোটি ৩০ লাখ টাকা চাওয়া হয়েছে। অর্থাৎ একটি টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকা। অথচ রাজধানীর সিটি করপোরেশনের আওতায় যেসব পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে, সেগুলোর জন্য ব্যয় হচ্ছে ২০ থেকে ২৫ লাখ টাকার মধ্যে। তাই অস্বাভাবিক খরচে টয়লেট নির্মাণ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রশ্ন তোলে পরিকল্পনা কমিশন। তবে সেই বেশি ব্যয় আর কমেনি।

অর্থাৎ প্রকল্পটির বেশিরভাগ কেনাকাটা ও অবকাঠামো নির্মাণে বেশি ব্যয় ধরা হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সেই বেশি ব্যয়ের প্রস্তাবই অনুমোদন পেতে যাচ্ছে। অনুমোদন পেলে প্রকল্পটি জুলাই ২০২৩ হতে জুন ২০২৬ মেয়াদে বাস্তবায়ন করবে ডিএসসিসি।

বেশি ব্যয় প্রস্তাবের বিষয়ে ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের টয়লেটের ডিজাইনে বেশি সংখ্যক বসার জায়গা রয়েছে। এজন্য খরচও বেশি। কারণ এখানে বিভিন্ন ছুটির দিনে জনসমাগম অনেক বেশি হয়। পাবলিক টয়লেটগুলোতে ২০টি পায়খানা ও প্রস্রাবখানা থাকবে। শিশুপার্কে এমন ছয়টি পাবলিক টয়লেট থাকবে।’ 

প্রকল্প প্রস্তাবে ডিএসসিসি বলেছে, আধুনিকায়নের পরে পার্কটিতে কী কী সুবিধা থাকবে, তা তুলে ধরতে সেখানে বসানো হবে চারটি ১০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের ডিজিটাল ডিসপ্লে। এর জন্য খরচ ধরা হয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকা। অর্থাৎ প্রতিটির জন্য খরচ হবে ১ কোটি ২৪ লাখ টাকা।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু ডিজিটাল ডিসপ্লে চোখে পড়ে শহরবাসীর। পরিকল্পনা মন্ত্রণালয়ও কয়েকটি ডিসপ্লে স্থাপন করেছে, মন্ত্রীর দপ্তরের সামনে যে ৭ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের এলইডি ডিসপ্লে বসানো হয়েছে, তার দাম সাড়ে ৪ লাখ টাকা। যে প্রতিষ্ঠান এটি সংযোজন করেছে, তার কর্মকর্তা ওসমান গনি বলেন, ‘বিভিন্ন মানের ডিজিটাল ডিসপ্লে পাওয়া যায়। ১৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি এলইডি ডিসপ্লের দাম পড়তে পারে ১৫ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা।

পার্কে দর্শনার্থীদের নিরাপদ পানি খাওয়াতে শিশুপার্কের জন্য একটি গভীর নলকূপ বসাতে চায় ডিএসসিসি। তার জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় গভীর নলকূপ বসানোর ক্ষেত্রে খরচ নির্ভর করে এর কার্যক্ষমতার ওপর। সাধারণ ক্ষমতার একটি নলকূপে খরচ পড়ে ১২ থেকে ৩০ লাখ টাকা। তাদের একটি প্রকল্পে একেকটি ডিপ টিউবওয়েল নির্মাণে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা খরচ হয়েছে। 

প্রকল্পে অটোমেটিক ওয়েভ বেজড টিকিটিং সিস্টেম বাবদ ১০ কোটি টাকা। দেশের আইটি বিশেষজ্ঞরা এমন সফটওয়্যার তৈরি করে থাকেন। তারা বলছেন, এমন একটি সিস্টেম কমবেশি ১০ থেকে ১৫ লাখ টাকায় করা সম্ভব। অথচ এর প্রায় ১০০ গুণ বেশি ধরা হয়েছে। এ ছাড়া প্রকল্পটিতে বেশ কয়েকটি খাতে বেশি ব্যয় ধরা হয়েছে। সেই বেশি ব্যয়সহ প্রকল্পটি আজ একনেকে অনুমোদন হতে যাচ্ছে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (অতিরিক্ত দায়িত্ব) ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন উইং-২ আবু মো. মহিউদ্দিন কাদেরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যখন প্রকল্প প্রস্তাব পাঠানো হয় তখন বিভিন্ন পণ্যের দাম অনেক কম ছিল। ডলারের দাম বাড়ায় এগুলোর দাম অনেক বেড়েছে। এখন ওই টাকা দিয়ে এগুলো কিনতে পারবে কিনা সন্দেহ রয়েছে। এ প্রকল্পের বেশিরভাগই দেশের বাইরে থেকে আমদানি করতে হবে।’ 





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা