প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৭:৫৮ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৯:১২ পিএম
মো. খায়রুজ্জামান মজুমদার। প্রবা ফটো
অর্থ সচিব হিসেবে নিয়োগ পেলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার । বুধবার (২৩ আগস্ট) এই কর্মকর্তাকে অর্থ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ সচিব হিসেবে খায়রুজ্জামান মজুমদারের নিয়োগ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। তবে দেশের প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনে পরিবর্তে নিযুক্ত হলেন খায়রুজ্জামান মজুমদার। ফাতিমা ইয়াসমিনকে গত ২৮ জুন তিন বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তিনি এখন সেখানে যোগ দেবেন। এজন্য তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় স্বেচ্ছায় আগামী ২৮ আগস্ট সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাচ্ছেন তিনি।
সরকারি চাকরিতে ১৯৯৩ সালে যোগদান করেন তিনি। খায়রুজ্জামান মজুমদার অর্থ, সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, শুল্ক, বাণিজ্য ফ্যাসিলিটেশন সংক্রান্ত বিষয়, আন্তর্জাতিক উন্নয়ন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে সরকার (রাজনৈতিক অর্থনীতি) বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন। এবং কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন।
এ ছাড়া খায়রুজ্জমান অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়, ইউএসএআইডি প্রোগ্রাম (আইবিআই প্রকল্পের চিফ অব পার্টি হিসেবে), বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে সরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।