প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৭:২৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৮:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসি নির্দেশে ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে আছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোল্লা মিরাজ-উস-সুন্নাহ, সহকারী পরিচালক আনোয়ারুল আজিম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক রুমানা ফেরদৌস মৌ। আগামী ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
চলতি হিসাব বছরের প্রকাশিত প্রথম নয় মাসের (জুলাই ২০২২ থেকে মার্চ ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করে দেখবে গঠিত তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি ওঠে আসায় বিস্তারিত তদন্তে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
তদন্ত কমিটি কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অপারেশনাল দক্ষতা, নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন এবং আইন, প্রবিধান এবং নীতির সঙ্গে সম্মতি নিশ্চিতের বিষয়টিও তদন্ত করবে। এ ছাড়া পরিচালনা পর্ষদ, অডিট কমিটি এবং শীর্ষ ব্যবস্থাপনার ভূমিকা এবং বিনিয়োগকারীদের কাছে মিথ্যা এবং পক্ষপাতমূলক তথ্য সম্পর্কিত বিষয় অনুসন্ধান করার দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ৬৬ কোটি ৬০ লাখ টাকা। যার মধ্যে ২৭ কোটি ৩৬ লাখ টাকা স্থানীয় বিক্রয় থেকে এসেছে। বাকি ৩৯ কোটি ২৪ লাখ টাকা রপ্তানি থেকে এসেছে। কিন্তু স্থানীয় বাজারে ১৬টি লেনদেনের মাধ্যমে ৭টি কোম্পানির কাছে বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি।