প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৮:৪৬ পিএম
প্রবা ফটো
তথ্য স্থানান্তরের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২০ ঘন্টা বা ৫ দিন সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ সংস্থাপনের কারণে ডাটা মাইগ্রেশনের উদ্দেশ্যে ১ থেকে ৫ সেপ্টেম্বর মোট ১২০ ঘন্টা বা ৫ দিন সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ রাখার বিষয়ে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে সম্মতি জ্ঞাপন করা হলো।