প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২০:৫৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ২১:০৫ পিএম
এমএফএসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধে সিলেট রেঞ্জ পুলিশ ও বিকাশের কর্মশালা। প্রবা ফটো
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিলেট রেঞ্জ পুলিশের সঙ্গে দিনব্যাপী একটি কর্মশালা করেছে বিকাশ।
কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সিলেট নগরীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় সিলেট রেঞ্জ পুলিশের ৫০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। আরও উপস্থিত ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা মো. নজিবুর রহমান, বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.), সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) মো. জেদান আল মুসা এবং সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ফাল্গুনী পূরকায়স্থ।
এমএফএসের মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সারা বছর ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় দেশজুড়ে বিভিন্ন জেলার পর এবার সিলেটে কর্মশালার আয়োজন করা হয়।