প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৯:০৭ পিএম
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ হাজার মেট্রিক টন গম, এক কার্গো এলএনজি ও ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি এবং ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়সহ ১৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৫ হাজার ২৪৪ কোটি ৪৪ লাখ টাকা।
বুধবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।
তিনি বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য চারটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের তিনটি, বিদ্যুৎ বিভাগের তিনটি, বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত প্রস্তাবগুলোতে মোট অর্থের পরিমাণ ৫ হাজার ২৪৪ কোটি ৪৪ লাখ ১ হাজার ৩৫২ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, সভায় ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ১৮তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৭৮ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৯৩৬ টাকা। সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টনের দাম ২৯৭ দশমিক ৪৭ মার্কিন ডলার হিসেবে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৬২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, ‘জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৭৩৩ ইউরো সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৪৫ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৯৭ টাকা। সভায় ‘কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ১৫৪ কোটি ৯৫ হাজার টাকা।
সভায়, ২০২৩-২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার (+৫%) মেট্রিক টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এই মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি মসুর ডাল ৮৪ দশমিক ৯৮ টাকা হিসেবে এতে মোট ব্যয় হবে ৭১ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। দুই লিটার পেটজাত বোতলে প্রতি লিটার ১৫৯ দশমিক ৪৫ টাকা হিসেবে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনায় ব্যয় হবে ১২৭ কোটি ৫৬ লাখ টাকা।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার আরও একটি প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি অনুমোদন দিয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৫৮ দশমিক ৮০ টাকা হিসেবে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনায় ব্যয় হবে ১২৭ কোটি ৪ লাখ টাকা। এছাড়া আরও ১০ টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চারটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে জানান অতিরিক্ত আমিন উল আহসান।