প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২১:৩২ পিএম
ছবি : সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান।
মঙ্গলবার (৮ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগের অনুমোদন দেয়।
এর আগে গত সোমবার এমডি পদে নিয়োগ চেয়ে এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান ও ন্যাশনাল ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়।
এর আগে গত রবিবার ডিএসই বোর্ড ছয় প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা থেকে তিনজনকে বাছাই করে। সব প্রার্থীই এর আগে বোর্ডে মৌখিক পরীক্ষা দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেছেন।
ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন-২০১৩ অনুসারে ডিএসইর মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি (এনআরসি) দ্বারা এমডি নির্বাচিত করে। বোর্ড এ ক্ষেত্রে তাদের সুপারিশ করে। বোর্ডের সুপারিশের পর বিএসইসি তিন বছর মেয়াদে একজন এমডি নিয়োগ দেয়।
২০২২ সালের ৯ সেপ্টেম্বর এমডি তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইর শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়। ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন চিফ অপারেটিং অফিসার (সিওও) সাইফুর রহমান মজুমদার।