প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ২০:৫৭ পিএম
প্রবা ফটো
আমদানি ও রপ্তানি বাণিজ্য, ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড রেমিট্যান্স লেনদেনে কর কর্তনের সময় আয়কর আইন ২০২৩ ও উৎসে কর বিধিমালা ২০২৩ পরিপালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়, আয়কর, অগ্রিম আয়কর, উৎসে কর, ন্যূনতম কর, সারচার্জ ও অন্য কোনো প্রকারের কর বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় যুগোপযোগী ও সময়োপযোগী করতে গত ২২ জুন ইনকাম ট্যাক্স অডির্ন্যান্স ১৯৮৪ রহিত করে আয়কর আইন ২০২৩ গৃহীত হয়। পাশাপাশি ২৬ জুন উৎসে কর বিধিমালা ২০২৩ প্রণয়ন করা হয়। এজন্য আমদানি ও রপ্তানি বাণিজ্য, ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড রেমিট্যান্সের লেনদেনের সময় কর কর্তনে আয়কর আইন ২০২৩ এবং উৎসে কর বিধিমালা ২০২৩ এ নির্ধারিত ধারা পরিপালনের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পূর্বের প্রজ্ঞাপনে বর্ণিত অন্যান্য নির্দেশাবলি অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়।
নতুন আয়কর আইনে কোনো করদাতা যদি দেশের বাইরে সম্পদ কেনেন, তাহলেও তাকে সম্পদের বিবরণী দিতে হবে। কোনো কোম্পানির শেয়ারধারী পরিচালক হলেও সম্পদের বিবরণী জমা দিতে হবে। সম্পদ বিবরণী দাখিলে এই তিনটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে।
বিদ্যমান আয়কর অধ্যাদেশে আয়কর রিটার্ন জমার সময় বর্তমানে সম্পদের বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত আছে। এ তিন শর্তের একটি প্রযোজ্য হলেই সম্পদের বিবরণী দেওয়া বাধ্যতামূলক। শর্তগুলো হলোÑ ১. অর্থবছরে মোট সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা হলে, ২. একটি মোটরগাড়ির মালিক হলে, ৩. সিটি করপোরেশন এলাকায় গৃহ-সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক হলে।
এসব সম্পদে বিনিয়োগ করলেই বিদ্যমান আইন অনুযায়ী সম্পদের রিটার্ন দিতে হয়। এ ছাড়া দেশের কারোর বিদেশে সম্পদ থাকলে তা যদি কর কর্মকর্তারা প্রমাণসহ জানতে পারেন, তাহলে ওই সম্পদের বিপরীতে জরিমানা আরোপ করার বিধান রাখা হয়েছে নতুন আইনে।