× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় দরকার সমন্বিত উদ্যোগ : পরিবেশমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২ ১৭:১৭ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২২ ১৭:৩৬ পিএম

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় দরকার সমন্বিত উদ্যোগ : পরিবেশমন্ত্রী

বর্জ্য ব্যবস্থাপনা একটি জটিল প্রক্রিয়া। এর সঙ্গে বহু অংশীজন ও খাত সম্পৃক্ত। বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগে নীতি প্রণয়ন জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিসহায়তা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, একটি সার্কুলার বা চক্রাকার প্লাস্টিক অর্থনীতি প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত কর্মকৌশল চিহ্নিত করতে হবে। একই সঙ্গে কার্যকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি ও বেসরকারি খাতগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের মাধ্যমে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ইউনিলিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্ভাবনী এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। বর্জ্য সংগ্রহ প্রক্রিয়াটি লাভজনক ব্যবসায়িক উদ্যোগ হিসেবে গ্রহণ করা গেলে বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করা যাবে। এক্ষেত্রে সার্কুলার বা চক্রাকার প্রক্রিয়া অনুসরণ করাকে কার্যকর সমাধান হিসেবে মনে করেন মন্ত্রী। 

তিনি সার্কুলার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভ্যালু চেইনের অংশীদারদের ক্ষমতায়ন ও অনানুষ্ঠানিক খাতকে সামগ্রিক সহযোগিতা প্রদান করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। ভ্যালু চেইনে অতি ক্ষুদ্র উদ্যোক্তা, ভাঙারি ও বর্জ্য সংগ্রাহকরা রয়েছে। এ খাতটি অনানুষ্ঠানিক হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ খাতে সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। একই সঙ্গে পরিবেশ ও অর্থনীতির স্বার্থেই টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি উপযোগী কাঠামো তৈরির তাগিদ দেন। 

সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ভিশন ২০৪১-এ টেকসই নগরায়ণ লক্ষ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করেছে। উচ্চ আয়ের দেশে পরিণত হতে হলে প্লাস্টিক বর্জ্যকে টেকসই উপায়ে পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, জিডিপি বৃদ্ধির সঙ্গে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক। তবে প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এ খাতে মূল চ্যালেঞ্জ। এক্ষেত্রে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে উন্নত দেশের মতো বর্জ্যের উৎসে এগুলোকে আলাদা করার সংস্কৃতি তৈরি করতে হবে। কেননা, বর্জ্য ব্যবস্থাপনার টেকসই মডেল বাস্তবায়ন উৎসে পৃথকীকরণ সবচেয়ে জরুরি বিষয়। উৎসেই বিভিন্ন বর্জ্য পৃথক করা হলে পুরো সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে। 

ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডি জাভেদ আখতার বলেন, আমরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনগুলোর সঙ্গে বেশকিছু পাইলট প্রকল্প নিয়েছি। এ বিষয়ে যথাযথ সুবিধা ও সহযোগিতা না পেলে, অন্যান্য প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হবে না। 

তিনি বলেন, একটি বা দুটি প্রতিষ্ঠান এ সমস্যা সমাধান করতে পারবে না। এজন্য পুরো ব্যবসায়ী সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এবং অবদান রাখতে হবে। সবার সম্মিলিত উদ্যোগে ভ্যালু চেইনে মূল্য সংযোজন করে সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে বলে মনে করেন জাভেদ আখতার। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক ও এফবিসিসিআইয়ের প্যানেল বিশেষজ্ঞ প্রফেসর ড. ইজাজ হোসাইন।

তিনি বলেন, সরকার নীতিপর্যায়ে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু সিটি করপোরেশন বা পৌরসভাগুলোর কারিগরি ও আর্থিক সক্ষমতার অভাব মূল স্যমস্যা। এ কারণে সঠিক প্রক্রিয়ায় বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ ও উৎসে বর্জ্য পৃথক করা যাচ্ছে না। যা রিসাইকেলকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। স্বল্পমেয়াদে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি স্থাপন করে প্লাস্টিক বর্জ্য থেকে সহজে এবং কম খরচে বিকল্প জ্বালানি তেল উৎপাদন করা সম্ভব বলে জানান ড. ইজাজ হোসাইন। 

তিনি বলেন, দীর্ঘমেয়াদে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিভিন্ন দেশের সফল মডেলগুলোকে লোকালাইজেশন বা দেশের জন্য উপযোগী করতে হবে। যেহেতু প্লাস্টিকের ওপর দেশের প্রায় সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল, তাই যেকোনো নীতি বা আইন প্রণয়নের আগে যথাযথ গবেষণা, সমীক্ষা ও পাইলটিং করার ব্যাপারে মূল প্রবন্ধে গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ভোক্তা, উৎপাদনকারী, ব্যবহারকারীসহ সকল অংশীজনের সঙ্গে যথাযথ আলোচনা করার সুপারিশ করেন। অন্যথায় গৃহীত নীতি বাস্তবসম্মত না হয়ে সাধারণ মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. সালাহউদ্দিন আলমগীরসহ সংগঠনের অন্য নেতারা। 

প্রবা/রনি/এমআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা