প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২০:৩৪ পিএম
প্রবা ফটো
কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একটি পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ তিনজন পরিচালক হতে পারবেন। এতদিন বিদ্যমান আইনে সর্বোচ্চ চারজন পরিচালক নিযুক্ত হতে পেরেছেন। আইনের প্রস্তাবিত সংশোধনী কার্যকর হওয়ায় এখন থেকে তিনজনের বেশি পরিচালক হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে চারজন পরিচালক থাকলেও একজনকে পদত্যাগ করতে হবে। কোনো ব্যাংকে চারজনের বেশি পরিচালক থাকলে সেক্ষেত্রে কোন পরিচালক পদত্যাগ করবেন তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে। পারস্পরিক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে তা পরিচালনা পর্যদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে। বুধবার (২৬ জুলাই) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
খাত বিশ্লেষকরা বলছেন, এর ফলে পরিচালনা পর্ষদে পরিবারের কর্তৃত্ব হ্রাস পাবে। এক পরিবার থেকে তিনজনের বেশি ব্যাংকের পরিচালক হতে পারবেন নাÑ এ উদ্যোগ ব্যাংকের জন্য ভালো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, চলতি বছরের ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং ওই তারিখ হতে কার্যকর ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সালের ১৩ নং আইন)-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ২০১৮)-এর ১৫(১০) ধারায় কোনো একক পরিবার হতে চারজনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না মর্মে উল্লেখ ছিল।
ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এ ধারা ১৫-এর উপধারা (১০) নিম্নরূপভাবে সংশাধন করা হয়েছে। আপাতত বলবৎ অন্য কোনো আইন অথবা কোনো ব্যাংক-কোম্পানির সংঘ/স্মারক বা সংঘবিধিতে যা কিছুই থাকুক না কেন, কোনো একক পরিবার হতে তিনজনের অধিক সদস্য একই সময়ে কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না।
এ অবস্থায়, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩-এর ধারা ১৫-এর উপধারা (১০)-এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যাংক-কোম্পানির কোনো পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে পরিচালকদের মধ্য হতে কোনো পরিচালককে পদত্যাগ করতে হবে এবং তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে। পারস্পরিক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে তা পরিচালনা পর্যদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে। স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার হতে পরিচালক সংখ্যা তিনজনে নামিয়ে এনে বিষয়টি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২ কে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে চারটি ব্যাংকে তিনজনের বেশি পরিচালক রয়েছেন। ব্যাংকগুলোর নাম- ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ব্যাংক এশিয়া এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।