ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১২:৪৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৪:০৭ পিএম
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা। প্রবা ফটো
ফেনী জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মাছ উৎপাদন হয়েছে। জেলায় মাছ চাষে লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।
তিনি বলেন, ‘লক্ষ্যমাত্রার চেয়ে ৫২৬ টন মাছ অতিরিক্ত উৎপাদন হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে জেলায় ৩৪ হাজার ৬২৮ টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৩৩ হাজার ৯০১ টন।’
সোমবার (২৪ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হবে। আগামীকাল সকালে ফেনী সদর উপজেলা পরিষদ এলাকায় সমাবেশ ও র্যালীর মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার।
এ ছাড়া পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষিদের সঙ্গে মতবিনিময় ও উৎসাহিত করা, মৎস্য বিভাগে সরকারের সাফল্যের প্রচার-প্রচারোনা, সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ। এসব শেষে আগামী রবিবার সকালে জেলা মৎস্য দপ্তরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সপ্তাহের কর্মসূচি শেষ হবে।
মতবিনিময়কালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী শাখার সভাপতি শাহজালাল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।