× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলার কারসাজি রোধে ছয়টি কমিটি গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২০:৩৩ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ২১:২১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ডলার ব্যবসায় অতিরিক্ত মুনাফা রোধে মাঠে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২৪ জুলাই) থেকে বিষয়টি সরাসরি তদারকি করার জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৩টি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এসেছে কেন্দ্রীয় ব্যাংক বরাবর। তাই কোনো ব্যাংক অতিরিক্ত দরে রেমিট্যান্স রপ্তানি বিল কিনছে কি না, তার তদারকি করতে সরাসরি মাঠে নেমেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

ব্যাংকাররা জানান, আবারও ডলার কারসাজিতে জড়িয়ে পড়েছে দেশি-বিদেশি ১৩টি ব্যাংক। ব্যাংকগুলোর বিরুদ্ধে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচার প্রাথমিক প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে কয়েক দিন আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাহুল হক বলেন, ‘ডলার কারসাজিতে জড়িত ব্যাংকগুলোর বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তদন্ত করা শেষ হলে বিস্তারিত বলা সম্ভব হবে। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা যায়, ডলারের দর বেশি রাখা হচ্ছে এমন অভিযোগের পরপরই তা রোধ করতে শক্ত অবস্থানে গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নরের কড়া নির্দেশ পেয়েই কর্মকর্তারা তদন্তে নামছেন। নতুন করে দেশি-বিদেশি ১৩টি ব্যাংকের নাম বেরিয়ে এসেছে প্রাথমিক তদন্তে। এর মধ্যে আগেরবার ডলারের দর কারসাজিতে অভিযুক্ত ব্যাংকের নামও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানায়, ডলারের সরবরাহ সংকটে কিছু ব্যাংক সীমার অতিরিক্ত মুদ্রা জমিয়ে রেখে অতিরিক্ত মুনাফা শুরু করে। সুযোগ থাকলেও তা বাজারে না ছেড়ে কৃত্রিমভাবে দর বাড়ানো হয়। আবার কয়েকটি ব্যাংক ডলার সংরক্ষণের তথ্যও গোপন করে।

এর আগে ২০২২ সালের আগস্টে প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির প্রমাণ পাওয়ায় ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংক ছিল।

পরে ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে সরিয়ে দেওয়া ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে আগের পদে ফেরার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বিরুদ্ধে আনা অভিযোগ থেকেও অব্যাহতি দেওয়া হয়। তবে আবারও এসব ব্যাংকগুলোর মধ্যে অনেকে ডলার কারসাজিতে জড়িয়ে পড়েছে।

করোনার পরে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশের অর্থনীতি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে বিশ্ব অর্থনীতির চিত্র পুরোপুরি পাল্টে যায়। এর প্রভাব দেশের অর্থনীতিতেও পড়তে থাকে। আমদানি ব্যয় বৃদ্ধি ও প্রবাসী আয় কমে যাওয়ায় দেশে ডলারের তীব্র সংকট তৈরি হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এজন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। প্রতিনিয়ত দামও বাড়াচ্ছে। তারপরও সংকট কাটছে না। এই সংকটের সময় বারবার ডলার কারসাজিতে জড়িয়ে পড়ছে দেশি-বিদেশি অনেক ব্যাংক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা