প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৭:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) বিনিয়োগ করবে। ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের কোম্পানিটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের শতভাগ মালিকানাধীন। রবিবার (২৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩০৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যমতে, পরিচালনা পর্ষদ সভায় ১০ কোটি টাকায় ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি। একই বৈঠকে চট্টগ্রাম ও বরিশালে নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার পাঁচলাইশ মৌজায় ৪২ দশমিক ৯০ শতাংশ ও বরিশাল সিটি করপোরেশনের বিমানবন্দর থানার ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের পরিচালকরা। রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতীত জমির মূল্য যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা এবং ২ কোটি ৯৮ লাখ টাকা।